৩০ বছর পর আবার

হিম্মতওয়ালা

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১০
৩০ বছর পর আবার আসছে ‘হিম্মতওয়ালা’। বলিউডে এখন রিমেক এ ছবিটি নিয়ে চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা। আশির দশকের ব্লকবাস্টার হিন্দি সিনেমাটির রিমেক এখনকার দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এবারও কি বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড গড়বে কমেডি-অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটি—এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অজয় দেবগণ-তামান্না জুটির রসায়ন দর্শকদের কতটা সিক্ত করবে তা নিয়েও চলছে অনেক গবেষণা। আগের ‘হিম্মতওয়ালা’র দর্শকরাও নতুনটির নানা বিষয় নিয়ে তুলনামূলক বিচার-বিশ্লেষণ করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে ‘হিম্মতওয়ালা’র পরিচালক সাজিদ খানের দাবি, ২০১৩-এর অন্যতম ব্লকবাস্টার সিনেমা হিসেবে গণ্য হবে এ ছবি। ‘হিম্মতওয়ালা’ হয়ে উঠেছে বলিউডের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত ছবি ‘হিম্মতওয়ালা’ নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন ১৯৮৩ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল কে রাঘবেন্দ্র রাও পরিচালিত ‘হিম্মতওয়ালা’ ছবিটি। জিতেন্দ্র-শ্রীদেবী জুটির ব্লকবাস্টার ছবিটি ছিল একই পরিচালকের তেলেগু ছবি ‘ওড়িকি মোনাগাডু’র রিমেক। দক্ষিণী সিনেমার তখনকার দুই সুপারস্টার কৃষ্ণা ও জয়াপ্রদা ছিলেন মূল তেলেগু ছবিটির প্রধান দুই তারকা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখনও অমিতাভ বচ্চনের দোর্দণ্ড দাপটময় অবস্থান। সিনিয়র সুপারস্টার হিসেবে জিতেন্দ্রও কম যান না। সেই সময়ে জিতেন্দ্রর বিপরীতে সে সময়ের দক্ষিণী সিনেমার ব্যস্ত জনপ্রিয় নায়িকা শ্রীদেবীকে নেওয়া হয়েছিল। ওটা বলিউডে শ্রীদেবীর ডেবু সিনেমা না হলেও মূলত ‘হিম্মতওয়ালা’ই এখানে তার কপাল খুলে দিয়েছিল। এর আগে হিন্দি ছবি ‘সোলভা শাওন’-এ নায়িকা সাজলেও শ্রীদেবীর ওই ছবিটি ছিল সুপার ফ্লপ। গ্রামের অত্যাচারী অসত্ প্রকৃতির জমিদার শের সিংয়ের রোষানলের শিকার স্কুল শিক্ষক ধরম মুর্তিকে নারী কেলেঙ্কারির মিথ্যে অপবাদ মাথায় নিয়ে গ্রাম ছাড়তে হয়। গ্রামে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থেকে যাওয়া স্কুল শিক্ষকের স্ত্রী সাবিত্রী অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করে সন্তানদের বড় করে তোলেন। ছেলে রবি একসময় ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে ফিরে আসে তার বাবার উপর অন্যায়-অবিচারের প্রতিশোধ নিতে। গ্রামে ফিরতেই রবির সঙ্গে টক্কর লাগে অত্যাচারী লোভী জমিদার শের সিংয়ের কন্যা রেখার। সুন্দরী রেখাও তার বাবার মতোই গ্রামের সাধারণ মানুষদের সারাক্ষণ তটস্থ রাখে। এ নিয়ে রবির সঙ্গে অনেক ঝগড়া-বিবাদের পর তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবা শের সিংকে বেকায়দায় ফেলতে প্রেমিক রবিকে নিয়ে ফন্দি আঁটে রেখা। রবির সন্তানের মা হওয়ার মিথ্যে অভিনয় শুরু করে। সৃষ্টি হয় মজার নাটকীয়তা। তেমনি কাহিনীর ছবি ‘হিম্মতওয়ালা’ তখন দর্শক সাদরে গ্রহণ করেছিল। আজকের প্রখ্যাত চিত্রপরিচালক সাজিদ খান তখন বড়পর্দায় ২৬ বার ‘হিম্মতওয়ালা’ দেখেছিলেন। এ ছবিটি নতুন করে তৈরির অর্থাত্ রিমেক করার পরিকল্পনা করতেই পরিচালক সাজিদ খান আগের ছবিতে জিতেন্দ্র অভিনীত রবি চরিত্রটিতে অজয় দেবগণের কথা চিন্তা করলেও নায়িকা কাকে করবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। চূড়ান্তভাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুন্দরী গ্ল্যামারাস নায়িকা তামান্না ভাটিয়াকে নির্বাচন করা হয় অজয়ের বিপরীতে রেখা চরিত্রে। গত কয়েক বছরে ‘গোলমাল’, ‘সিংহম’, ‘বোল বচ্চন’, ‘নান অব সরদার’ প্রভৃতি সুপারহিট সিনেমার সাফল্যে অজয়ের ক্যারিয়ার বেশ জমজমাট। তারই ধারাবাহিকতায় ‘হিম্মতওয়ালা’ ছবিতে আবার অ্যাকশন হিরোর চমক নিয়ে আসছেন পর্দায়। এখানে তার পর্দায় আবির্ভাব, মুখের নাটকীয় বীরত্বপূর্ণ সংলাপ, মারপিট দৃশ্যে চমত্কারিত্ব সবই দর্শকদের আলোড়িত করবে। পরিচালক সাজিদ খান তার নতুন ‘হিম্মতওয়ালা’ ছবিটি নির্মাণে যথেষ্ট সিরিয়াস ছিলেন। যথেষ্ট পরিমাণ বাজেটে তৈরি হয়েছে এ ছবি। দর্শক বিনোদনে কোনো কিছুরই ঘাটতি রাখেননি এ ছবির নির্মাতাগোষ্ঠী। অজয় দেবগণের মতো একজন সুপারস্টার অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্নার তেমন সমস্যা হয়নি। ৩০ বছর আগের ‘হিম্মতওয়ালা’য় শ্রীদেবী যখন নায়িকা সেজেছিলেন তখন তিনি মোটেও হিন্দি বলতে পারতেন না, ফলে ডাবিংয়ে তার হয়ে অন্য কাউকে কণ্ঠ দিতে হয়েছিল। এবার নতুন ‘হিম্মতওয়ালা’য় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। শ্রীদেবীর মতো তামান্না দক্ষিণী, তামিল, তেলেগু সিনেমার জগত্ থেকে এসেছেন বটে, তবে তিনি মুম্বাই শহরেরই মেয়ে, খুব ভালো হিন্দি জানেন। নতুন ‘হিম্মতওয়ালা’য় আগের ছবির মূলক নায়ক জিতেন্দ্র অতিথি শিল্পী হিসেবে স্বল্পসময়ের জন্য পর্দায় উপস্থিত হবেন। আগে অত্যাচারী জমিদার শের সিং চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আমজাদ খান। এবার নতুন ‘হিম্মতওয়ালা’য় আমজাদ খানের ছোট ছেলে সিমাব খান একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার সেই ভিলেন চরিত্রটি রূপায়ণ করেছেন মহেশ মাঞ্জেরকার। আগের ছবিতে শক্তি কাপুর যে চরিত্রটি রূপায়ণ করেছিলেন এবার তাতে রূপদান করেছেন অধ্যয়ন সুমন। তেমনিভাবে কাদের খানের চরিত্রটিতে এসেছেন পরেশ রাওয়াল, ওয়াহিদা রেহমানের চরিত্রটিতে জারিনা ওয়াহাব। নতুন ‘হিম্মতওয়ালা’ ছবিতে নতুন চমক হিসেবে একটি আইটেম সঙ রাখা হয়েছে। ‘থ্যাংকস গড্, ইটস ফ্রাইডে’, কথার আইটেম সঙটিতে পারফর্ম করেছেন আজকের প্রজন্মের সুপারহিট নায়িকা সোনাক্ষী সিনহা।