রুপালি প্রজাপতি

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১১
র্যাম্পতারকা হিসেবেই আইরিনকে সবাই চেনে। প্রতিভার জানান দিতে নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিজেকে জড়িয়েছেন বেশ আগে। সম্প্রতি প্রজাপতির মতো ডানা মেলেছেন চলচ্চিত্রের বিশাল ক্যানভাসে। নবাগত নায়িকা হলেও বর্তমানে তার হাতে রয়েছে পাঁচটি ছবি। অল্প সময়ে এতগুলো চলচ্চিত্রে অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করলেন অভিনয়ের এই নতুন সারথি। তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন তাহের মানিক মিডিয়ায় তার যাত্রা শুরু র্যাম্প মডেলিংয়ের হাত ধরেই। সেই পথচলাটাও ছিল অনেকটা শখের বশে। তবে অল্প সময়েই আইরিন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে র্যাম্পে নিজের স্বকীয় অবস্থান গড়তে সক্ষম হয়েছেন। দীর্ঘ ছয় বছরে তিনি পারফর্ম করেছেন অসংখ্য ফ্যাশন শো’তে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্রাইডাল ফ্যাশন শো, জেসিআই শো, টেক্স বাংলা শো, আপন জুয়েলার্স ফ্যাশন শো, বাটেক্সপো নাইট, এক্সটেসি, চেক, অহং, সপার’স ওয়ার্ল্ড, ডিসিসিআই ফ্যাশন শো, ঢাকা চার শ’ বছর ফ্যাশন শো, উইন্টার ফ্যাশন শো, সনি এরিকসন ফ্যাশন শো, ইনিসপিরেশন ফ্যাশন শো, সাপ্তাহিক ২০০০ ফ্যাশন শো, অঞ্জন’স ফ্যাশন শো, বেক্সিফেব্রিক্স অন্যদিন ফ্যাশন শো, ক্যাটেক্সপো, জিপি ও হাওয়াই কনটেস্ট ফ্যাশন শো প্রভৃতি। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবী লাভ করেন। মডেলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাশন সময়ের বাহন। সংস্কৃতিকে ধারণ করেই পোশাক তৈরি হয়। আর ফ্যাশন হাউসের জন্য মডেল প্রয়োজন। মডেলরাই একটি পোশাককে ক্রেতাদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন করেন। সারাবিশ্বে আজ র্যাম্প মডেলদের (ক্যাটওয়াক) ডিমান্ড অনেক বেশি।’ দেশীয় র্যাম্প মডেলিং বিষয়ে আইরিন জানালেন, ‘আমাদের দেশে বর্তমানে র্যাম্পে মডেলিংয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কারণ এখন অনেক টিভি চ্যানেল, পত্রপত্রিকা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ের চেয়ে র্যাম্পে কাজ করা অনেক সাহসের ব্যাপার। এখানে সুযোগ একবার আসে। কিন্তু ভিজ্যুয়াল কাজে কয়েকবার শর্ট নেওয়ার সুযোগ থাকে।’ আইরিনের কাছে জানতে চাওয়া হয়, উন্নত বিশ্বের চেয়ে আমাদের র্যাম্প মডেলরা পারিশ্রমিক কেমন পান? তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে র্যাম্পের মডেলরা যে রকম পারিশ্রমিক পায়, আমাদের দেশে তা দেওয়া হয় না। আমাদের মতো র্যাম্প মডেলরা ভালো পারিশ্রমিক পেলে তারা শুধু র্যাম্পেই মডেল হিসেবে কাজ করত।’ র্যাম্পের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। এরমধ্যে ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ প্রভৃতি। এরপর বিভিন্ন টিভি নাটকে ভালো কিছু চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। আশুতোষ সুজনের ‘ম্যানপাওয়ার’ ছিল আইরিনের প্রথম প্রচারিত টিভি নাটক। আফসানা মিমির ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’-তে স্বর্ণলতা চরিত্রে অভিনয় করে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। এরপর অভিনয় করেন তানভীর হোসেন প্রবালের ‘তবুও সংশয়’ নামক খণ্ড নাটকে। পরে আশুতোষ সুজনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘জলছবি’তে ও আশিকুর রহমানের পরিচালনায় একখণ্ডের নাটক ‘মডেল’-এ অভিনয় করেন। বর্তমানে এই র্যাম্প তারকার নামের সাথে আরেকটি তকমা যুক্ত হয়েছে। তা হলো—চিত্রনায়িকা। সম্প্রতি তিনি দেশীয় চলচ্চিত্রের রঙিন ক্যানভাসে নাম লিখিয়েছেন। মোহাম্মদ হোসেন পারভেজের পরিচালনায় ‘প্রিয়তমা, তুমি দাড়ি আমি কমা’ নামের চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সুপার হিরো সুপার হিরোইন খ্যাত নিলয়। সম্পূর্ণ লাভস্টোরিধর্মী থ্রিলার এই ছবিতে আইরিন ববি চরিত্রে অভিনয় করছেন। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে আইরিন বলেন, ‘প্রথমে খুব ভয় লাগছিল। ভেবে পাচ্ছিলাম না কীভাবে অভিনয় শুরু করব। অনেকটা সাহস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুরু করার পর সব ধীরে ধীরে সহজ হতে লাগল। তবে প্রথম মুহূর্তটা আসলেই অনেক উত্তেজনাকর। অবশ্য ইউনিটের সবাই আমার কাজে সহযোগিতা করেছে। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে পরিচালক পারভেজ ভাই আমাকে প্রতিটি শটের আগেই সুন্দর করে বুঝিয়েছেন। তার মতো গুণী মানুষের সহযোগিতার জন্যই আমি অভিনয় করতে পেরেছি।’ নতুন খবর হলো প্রথম ছবির কাজ না শেষ হতেই আরও চারটি নতুন চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এগুলো হলো—গাজীউর রহমানের পরিচালনায় ‘সেই তুমি’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ফয়সাল রোদ্দীর ‘এ কেমন প্রেমের গল্প’ ও দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’। এ ছাড়া মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস এবং আফসানা মিমির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ক্যাম্প’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে তিনটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইরিন। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির শুটিং। এই ছবিতে আইরিনের বিপরীতে নায়ক হিসেবে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। সম্প্রতি সেনাকল্যাণ সংস্থার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করলেন আইরিন। শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তার জন্ম ও বেড়ে ওঠা যশোরে। আইরিনের বাবা মতিয়ার রহমান একজন ব্যবসায়ী এবং মা শামসুন্নাহার গৃহিণী। পরিবারে তিন ভাইবোনের মধ্যে আইরিন সবার ছোট। কন্যা রাশির এই জাতিকা কাজের পাশাপাশি বিবিএ শেষ করে আইরিন বর্তমানে বেসরকারি একটি ইউনিভার্সিটিতে এমবিএ করছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য কি র্যাম্পের মডেলিং ছেড়ে দিবেন? এমন প্রশ্নের জবাবে তার সাবলীল উত্তর, ‘র্যাম্পের মডেলিং ছাড়ব কেন! দুটোই এক সাথে চালিয়ে যাব। কেননা র্যাম্পের মাধ্যমেই মানুষ আমাকে চেনে, জানে। আর র্যাম্পের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে।’ ছবির শুটিংয়ের কারণে নাটকের কাজ বন্ধ রেখেছেন আইরিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আমার সব ধ্যান-ধারণা চলচ্চিত্র ‘প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা’ নিয়ে। আসলে অন্য কোনো কিছুর শুটিং করে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না। শতভাগ দিয়ে ছবিটিতে কাজ করতে চাচ্ছি। আমার স্বপ্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করা।’ মেকআপ ভুবন