বদলতে রিশতো কি দাস্তান

বদলে যাওয়া সম্পর্কের গল্প

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১১
গত কয়েক সপ্তাহ আগে জি টিভিতে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বদলতে রিশতো কি দাস্তান’। ফ্যামিলি ড্রামা ধাঁচের এই নতুন হিন্দি সিরিয়ালে দুই বিপরীতমুখী অবস্থানের নারীর সম্পর্কের টানাপোড়েন, পরিবারে নিজস্ব অধিকার আদায়ের জন্য বিরোধ ভুলে একতাবদ্ধ হওয়ার নাটকীয় গল্প তুলে ধরা হচ্ছে। ফ্যামিলি ড্রামা সিরিয়ালগুলোতে সাধারণত নারী চরিত্রে যেভাবে চিত্রিত হয় এখানে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে কয়েকটি চরিত্রে তুলে ধরা হয়েছে। ফলে সিরিয়ালটি শুরু থেকেই নারী-পুরুষ উভয় দর্শকদের আকৃষ্ট করেছে। জি টিভির নতুন সিরিয়াল ‘বদলতে রিশতো কি দাস্তান’-এর নানা বিষয় তুলে ধরেছেন রেজাউল করিম খোকন প্রায় এক দশক আগে জি বাংলা চ্যানেলে ‘খেলা’ সিরিয়ালটি ভীষণ সাড়া জাগিয়েছিল। পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে একটি পরিবারের মধ্যে ঘটতে থাকা শ্বাসরুদ্ধকর নাটকীয় ঘটনাবলির জন্য ‘খেলা’ সিরিয়ালটি সব দর্শকের গভীর মনোযোগ আকর্ষণ করেছিল। আজও কলকাতার দর্শকপ্রিয় উল্লেখযোগ্য বাংলা টিভি সিরিয়ালের কথা এলেই ‘খেলা’ সিরিয়ালের কথা আলোচিত হয়। সেই দর্শকপ্রিয় বাংলা সিরিয়ালটি এবার হিন্দিতে নতুনভাবে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। যা এখন জিটিভিতে ‘বদলতে রিশতো কি দাস্তান’ নামে দেখানো হচ্ছে। নতুন এই হিন্দি সিরিয়ালের গল্পে দেখা যায়, বলরাজের একমাত্র ছেলে অনিরুদ্ধ কার অ্যাকসিডেন্টে মারা যাওয়ার পর বাড়িতে উচ্ছল তরুণী মীরার আগমন ঘটে। মীরা নিজেকে অনিরুদ্ধের বান্ধবী হিসেবে পরিচয় দিলেও একসময় জানা যায় সে ছিল বিবাহিত অনিরুদ্ধের রক্ষিতা। ব্যাপারটি অনিরুদ্ধের বিধবা স্ত্রী নন্দিনীকে বিব্রত করে। বাড়ির সবাই মীরাকে ওখানে থাকতে বাধা দেয়। তাকে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাপ দিলেও পরিবারের কর্তা অনিরুদ্ধের বাবা বলরাজ মীরাকে বাড়িতে থাকার অনুমতি দেন। তবে এখানে থাকতে হলে মীরাকে তার কথামতো চলতে হবে, শর্ত দেন। একসঙ্গে এক বাড়িতে নন্দিনী ও মীরা দুই বিপরীত মেরুর দুই নারী থাকতে গিয়ে পরস্পরকে নতুনভাবে আবিষ্কার করে। দু’জন পরস্পরের প্রতি বৈরী মনোভাব পোষণ করলেও একসময় তারা উপলব্ধি করে উভয়েই এ বাড়ির কর্তা বলরাজের বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার। তাদের দুজনকে নিয়ে বলরাজ ভয়ঙ্কর এক খেলা শুরু করেছেন, এটা বুঝতে পেরে মীরা ও নন্দিনী এক জোট হয়ে সব ষড়যন্ত্র কুটচাল থেকে মুক্ত হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধে অবতীর্ণ হয়। ‘বদলতে রিশতো কি দাস্তান’ সিরিয়ালে নারীকে নারীর শত্রু হিসেবে দেখানোর পুরোনো ধ্যান-ধারণা ত্যাগ করা হয়েছে। বেশিরভাগ ফ্যামিলি ড্রামা সিরিয়ালে এতদিন শাশুড়িকে বউদের প্রধান শত্রু অর্থাত্ ভিলেন হিসেবে দেখানো হলেও ‘বদলতে রিশতো কি দাস্তান’ সিরিয়ালের শাশুড়ি চরিত্রটি সম্পূর্ণ বিপরীত স্বভাবের দেখানো হচ্ছে। বরং এখানে ভিলেনরূপে আবির্ভূত হয়েছেন শ্বশুর বলরাজ। এর আগে স্টার জলসা চ্যানেলের সিরিয়াল ‘ওগো, বধূ সুন্দরী’র হিন্দি রিমেক ‘শ্বশুরাল গেন্দাফুল’ স্টার প্লাস চ্যানেলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই একই নির্মাতা রবি ওঝা এবার বাংলা জনপ্রিয় টিভি সিরিয়াল ‘খেলা’র হিন্দি রিমেক ‘বদলতে রিশতো কী দাস্তান’ জিটিভিতে নিয়ে এসেছে। এখানে প্রাণোচ্ছল স্বভাবের মীরা চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সানজিদা শেখ। এর আগে তাকে ‘ক্যায়া হোগা নিম্মো কা’ এবং ‘কায়ামত’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ওদিকে শান্তশিষ্ট ভদ্র নম্র স্বভাবের বিধবা তরুণী গৃহবধূ নন্দিনী চরিত্রে রূপদান করছেন হিন্দি সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেত্রী অদিতি গুপ্তা। এর আগে তিনি ‘সঙ্গিনী’ ও ‘কিস দে মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বলরাজ চরিত্রে কিরণ কর্মকার দুর্দান্ত অভিনয় করছেন। এ ছাড়াও অন্যান্য চরিত্রে রূপদান করছেন মোনা আম্বেগাঁওকর, চৈতন্য চৌধুরী, অভিনব শুক্লা, আভাষ মেহতা, ঋষি খুরানা, নম্রতা থাপা প্রমুখ। জিটিভিতে সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ‘বদলতে রিশতো কি দাস্তান’ সিরিয়ালটি দেখানো হয়।