পর্দায় ফিরছেন
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রুপালি পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। তার অভিনীত ‘শিরি ফরহাদ’ সারাদেশের মুক্তি পেয়েছে। এর ফলে দেড় বছর বিরতির পর শাবনূরকে আবার দর্শক রুপালি পর্দায় দেখার সুযোগ পেয়েছে। সর্বশেষ শাবনূর অভিনীত শহিদুল ইসলাম খোকনের ‘ভালোবাসা সেন্টমার্টিনে’ মুক্তি পেয়েছিল। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে ততটা সাড়া ফেলতে পারেনি। তবে এবারের ছবিটি নিয়ে শাবনূর দারুণ আশাবাদী। ‘শিরি ফরহাদ’ পরিচালনা করেছেন গাজী মাহবুব। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। গাজী মাহবুব ২০০৬ সালের মার্চ মাসে শাবনূর-রিয়াজ জুটিকে নিয়ে পারস্য প্রেমোপাখ্যান অবলম্বনে ‘শিরি ফরহাদ’ ছবির শুটিং শুরু করেন। বেশ আন্তরিকতা নিয়ে শিল্পী-কলাকুশলীরা কাজ করে গেলেও দুর্ঘটনাবশত ছবির প্রায় ১৫ হাজার ফুট নেগেটিভ নষ্ট হয়ে যায়, যে কারণে পরবর্তীতে ছবিটির রিশুট করতে হয়েছে। অবশেষে সব ঝামেলা পেরিয়ে ‘শিরি ফরহাদ’ মুক্তি পেয়েছে। ছবিটি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অনেক দেরিতে হলেও সমৃদ্ধ একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির মুক্তির খবরে আমি ভীষণ আনন্দিত।’
এবার শুটার
দেশের অন্যতম নারী শুটার হিসেবে পর্দায় আসছেন ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন। সদ্য সাজানো সংসার থেকে বেরিয়ে এরই মধ্যে নিয়মিত কাজ শুরু করেছেন এই মডেল সুন্দরী। বেশ কিছু এক ঘণ্টার কাজের পাশাপাশি হাতে নিয়েছেন নতুন একটি ধারাবাহিক। মোস্তফা মননের নির্দেশনায় নাটকটির নাম ‘নারী’। যেখানে বিভিন্ন চরিত্রে হাসিন ছাড়াও অভিনয় করবেন বেশ ক’জন তারকা নারী। তবে বিশেষ চমক হিসেবে এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ‘নারী’ কর্তৃপক্ষ। হাসিন শুধু এটুকু জানান, এই ধারাবাহিকে তার চরিত্রটি অন্যগুলোর চেয়ে বেশ আলাদা। এখানে তিনি অভিনয় করবেন একজন শীর্ষ নারী শুটারের চরিত্রে। হাসিন বলেন, মূলত আমার চরিত্রটি এখানে বেশ প্রতিবাদী। লড়াকু টাইপের। জানা যায়, ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে।
একসাথে দুই
নাটকে অভিনয়ের চেয়ে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলে রেসপন্স অনেক বেশি পাওয়া যায় বলে বিজ্ঞাপনেই কাজ করতে সবচেয়ে বেশি আগ্রহী জনপ্রিয় লাক্সতারকা ও অভিনেত্রী রাখি। দুটি নতুন মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করছেন রাখি। একটি ‘প্রাণ ক্রেকো’ ও অন্যটি ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডার’। নাফিজ রেজা মনির নির্দেশনায় ‘প্রাণ ক্রেকো’ বিজ্ঞাপনটিতে এরইমধ্যে মডেল হিসেবে কাজ করেছেন রাখি। গত ২০ মার্চ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার ভেতরেই। এই বিজ্ঞাপনে তার বিপরীতে কোআর্টিস্ট হিসেবে ছিলেন ইমরান। অন্যদিকে আগামী ২৫ মার্চ কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গাজী শুভ্রর নির্দেশনায় ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডার’-এর বিজ্ঞাপনটির শুটিং। বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে রাখি বলেন, ‘নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করার কারণ হচ্ছে দুটি বিজ্ঞাপনেরই থিম অনেক চমত্কার। আশাকরি কাজ দুটি অনেক ভালো হবে।’
নতুন যাত্রী
আলিশা প্রধানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল ‘৬৯নং পাতলা খান লেন’ ছবির অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরইমধ্যে চলচ্চিত্রের নতুন মুখ আলিশাকে নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। এরপর চাষী নজরুল ইসলাম তার পরিচালিত ‘ভুল যদি হয়’ ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রে আলিশাকে নির্বাচনের পর ইমনের বিপরীতে সুযোগ দেওয়ার পর পরই তাকে নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ভুল যদি হয় ছবির শুটিং করার সময়েই আলিশার হাতে চলে আসে শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর’ নামে আরও একটি নতুন চলচ্চিত্র। এই চলচ্চিত্রে আলিশা অভিনয় করবেন সুপার হিরো ইমরোজের বিপরীতে।
আলিশা বলেন, ‘চাষী স্যারের ‘ভুল যদি হয়’-এর শুটিং শুরু করার পর নিজেই বুঝতে পারলাম যে, সত্যি সত্যি আমি চলচ্চিত্রে অভিনয় করছি।’
তিন ছবিতে সোহেল রানা
এক পরিচালকের তিনটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা সোহেল রানা। নির্মাতা শহীদুল হক খান গত ২২ মার্চ রাজধানীর শান্তিনগরে একটি রেস্তোরাঁয় সোহেল রানার উপস্থিতিতে মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেন। ছবিগুলো হলো—‘আর্ট ফিল্ম’, ‘আবার যোদ্ধা হবো’ ও ‘আমার পিরানের কোনো মাপ নেই’। ‘আর্ট ফিল্ম’ ছবিতে সোহেল রানার স্ত্রীর চরিত্রে কলকাতার অপর্ণা সেনের অভিনয়ের কথা রয়েছে। পরিচালক জানালেন, এপ্রিলের প্রথম সপ্তাহে অপর্ণার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করতে তিনি কলকাতা যাচ্ছেন। এর পরই শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। এ ছবিতে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চন, চম্পা, মৌলি আজাদ প্রমুখ। শহীদুল হক খান এর আগে আশির দশকে ‘কলমীলতা’, ‘সুখের সন্ধানে’ ও ‘ছুটির ফাঁদে’ ছবিগুলো পরিচালনা করেন।
