জমে উঠেছে

বৈরী বাতাস

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১৩
বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় দীর্ঘদিন থেকে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘বৈরী বাতাস’। বর্তমানে এই নাটক দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান এবং পরিচালনায় করেছেন জুয়েল মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, নাফিজা, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমি বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, শশী, টিসা, রহমত আলী, সোহান খান, নিশা, মৌমি, মাশিয়াত, শ্যামলসহ আরও অনেকে। এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে সমাজে প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে। সচরাচর প্রতিটি নাটকে থাকে এক বা একাধিক হিরো চরিত্র। কিন্তু এই ধারাবাহিক নাটকে প্রধান চরিত্রের ভূমিকায় আছে কিছু খল চরিত্রের মানুষ। তারা কেউ মুখোশ খুলে, কেউ বা মুখোশ পড়ে। তাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের বর্তমান অবস্থার জীর্ণতা ও অসংগতি। এখানে বিভিন্ন বয়সের কয়েক প্রজন্মের মানুষের ক্ষয়ে যাওয়ার চিত্র যেমন নানা নাটকীয় ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে তেমনি তা থেকে উত্তরণের ইঙ্গিত পাওয়া যায়। ইতোমধ্যে এর ৬২টি পর্ব প্রচারিত হয়েছে। নাটকের পর্ব যতই এগোচ্ছে ততই যেন দর্শকদের মাঝে নাটকটি নিয়ে আগ্রহ বাড়ছে। এই নাটক প্রসঙ্গে পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘প্রতিদিনই আমরা কিছু খল চরিত্রের মানুষকে দেখতে পাই। তারা মুখোশের আড়ালে অনেক কিছু ঘটালেও মানুষের সামনে নিজেকে সাধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। অথচ এই সব মুখোশধারী মানুষের কারণে সমাজে নানা অসংগতি দেখা দেয়। আমি চেষ্টা করেছি এই নাটকের মাধ্যমে সেই সব খল চরিত্রের মানুষদের মুখোশ উন্মোচন করতে।’ উল্লেখ্য, ধারাবাহিক নাটক ‘বৈরী বাতাস’ প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হয়।