মিরসরাইয়ে পক্ষকালব্যাপী স্বাধীনতা মেলা

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:২৮
হাজার হাজার দর্শনার্থীর পদভারে মুখরিত মিরসরাইয়ের পক্ষকালব্যাপী স্বাধীনতা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ মার্চ থেকে শুরু হয়ে ২৪ মার্চ রাত ১২টায় এ মেলার সমাপ্তি ঘটে। মুিক্তযুদ্ধের স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের আলোচনা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় সমাজ উন্নয়ন সংগঠনের নাটক প্রদর্শন, দিদার লালন একাডেমীর শিল্পীদের লালন সংগীত পুরো ১৫ দিন স্বাধীনতা মেলাকে মুখর করে রাখে। স্বাধীনতা মেলায় দিদার লালন একাডেমীর শিল্পীদের লালন সংগীত, ভাওয়াইয়া, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ক সংগীত, যাত্রাপালার গান বিমোহিত করেছে হাজার দর্শনার্থীকে। একাডেমির প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন দিদারের মনোমুগ্ধকর সঞ্চালনায় এবং ওস্তাদ শামীম গুরুর পরিচালনায় গান পরিবেশন করেন বিটিভির শিল্পী কান্তা রহমান, লালন কন্যা সোনিয়া, জিটিভির শিল্পী পূর্ণিমা, দিদার লালন একাডেমির উর্মি খান, উষা খান, শান্তা, শেখ সাহেব, বিজয়, পূজা, পূর্বা প্রমুখ। এ ছাড়া বিশেষ আকর্ষণ ছিল এটিএন বাংলার তিন চাকার তারকা ওমর আলী। চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী শাহীন রহমানের একক সংগীত মেলায় দর্শকদের মাতিয়ে রাখে। এ ছাড়া মিরসরাইয়ের স্থানীয় শিল্পী নির্মল দাশ লক্ষণ, মুহিবুল আলম আরিফ, জুয়েল, সুমন শাহ, মামুন, লিজা, বৃষ্টি, ইলিয়াছসহ অসংখ্য স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মেলার মুক্ত মঞ্চে মিরসরাই কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ, মারুফ মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা বিভাগ, মিরসরাই পাইলট স্কুল, ছালেহা সংগীত নিকেতন, বর্ণমালা সংগীত একাডেমী, উপজেলা শিল্পকলা একাডেমী, মিরসরাই ফ্রেন্ডস কাউন্সিল, প্রতীতি, নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা স্বাধীনতা মেলাকে করেছে দর্শক নন্দিত। এ ছাড়া স্কিম, প্রতীতি, মারুফ স্কুল, মাদক বিরোধী সামাজিক সচেতনতা কর্মসূচি, নবজাগরণ, খবরিকা, উদ্দীপন ক্লাবের পরিবেশনায় মঞ্চ নাটকে উঠে আসে মুক্তিযুদ্ধসহ সমাজের নানা অনুষঙ্গ। স্বাধীনতা মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান শেখ আতাউর রহমান বলেন, ‘নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে মিরসরাইয়ে প্রথমবারের মতো উদযাপিত হলো স্বাধীনতা মেলা। এ মেলার মাধমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি একটি সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি হয়েছে।’