সোহেল হাবিব, কুমারখালি, কুষ্টিয়া
কুষ্টিয়া
স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে গত ২১ মার্চ প্রথমবারের মতো কুমারখালিতে বিশ্ব কবিতা দিবস-২০১৩ উদযাপিত হয়। দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার কুমারখালি ব্যুরো অফিসে সন্ধ্যায় কবিতা পাঠ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি সৈয়দ আবদুস সাদিক। আলোচনা ও স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কুমারখালি প্রেসক্লাবের সভাপতি কবি বাবলু জোয়ারদার, নাট্যকার, কবি ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কবি অশোক সাহা, কবি রুহুল আযম, কবি ভবতোষ হালদার, পরিমল কুমার ঘোষ, কবি মুজিব আলম, কবি সোহেল আমিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালি প্রেসক্লাবের সহ-সভাপতি রওশন জোয়ারদার, ইত্তেফাক সারাদেশ ফোরাম সদস্য সচিব সুনম সরোয়ার বকুল। আলোচনা পর্বে বক্তারা বলেন, ১৯৯৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ত্রিশতম অধিবেশনে একুশ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, কবিতা সংস্কৃতির এক নান্দনিক উপাদান, কবিতা সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে দার্ঢ্য উচ্চারণ, কবিতার শব্দ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানবিক বোমা-অহিংস অভ্যুত্থানের তীব্র আঘাত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত উড়িয়ে দেওয়া হয় অজস্র কবিতার রঙবেরঙের পালক। তারা বলেন, আমাদের মানবিক চেতনার চিরসুন্দর আঙ্গিনায় ওরা বর্ণিল বেলুনের মতো উড়ে ভিন্ন বোধ, ভিন্ন অনুভূতি, ভিন্ন ভাষার গন্ধ ছড়িয়ে দেয়। স্বরচিত কবিতা পাঠের ওপর মুক্ত আলোচনা হয়। এতে উপস্থিত কবিরা একে অপরের পাঠকৃত কবিতার ওপর মুক্ত আলোচনা করেন। শুরুতে সদ্যপ্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
