সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশনের ৪৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিশনের সভার সিদ্ধান্ত সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা ব্যাংক থেকে গৃহীত ঋণ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে। ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ ১১ টাকা ২৮ পয়সা। এক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া কমিশন সভায় ন্যাশনাল হাউজিংয়ের রাইট ছাড়ার আবেদন অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ৩ কোটি ৪৩ লাখ ২০ হাজার সাধারণ শেয়ারের বিপরীতে ১০ টাকা ফেস ভ্যালুতে ১ :২ অনুপাতে অর্থাত্ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৪ কোটি ৩২ লাখ টাকা সংগ্রহ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
