সরু কোনো জায়গায় নিজের গাড়িটিকে ঠিকঠাক পার্কিং করা এমনিতেই বেশ কঠিন একটি কাজ। তার উপর এই কাজটি যদি করতে হয় নিজের গাড়ির দৈর্ঘ্যের চেয়ে মাত্র কয়েক সেন্টিমিটার বড় জায়গায় তাহলে অনেকেই বোধকরি হাল ছেড়ে দেবেন। অথচ মজার বিষয় হলেও সত্য যে, নিজের গাড়ির চেয়ে মাত্র আধহাত বড় জায়গায় আড়াআড়িভাবে গাড়ি পার্কিং এর এই রেকর্ডটিই গত এক বছরে সবচেয়ে বেশি বার নতুন করে লেখা হয়েছে। ইতোপূর্বে মাত্র এক বছরের ব্যবধানে দু’বার রেকর্ডটি ভাঙার পর এবার একই সাথে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের দুই ভাই রেকর্ডটি ভেঙেছেন। আর এবারের রেকর্ড গড়ার পথে অ্যালাস্টেয়ার ও জন মোফাট নামের এই দুই ভাই তাদের গাড়ির চেয়ে মাত্র ১৩.১ সেন্টিমিটার বড় স্থানে গাড়ি পার্ক করতে সক্ষম হন। আগে থেকেই রাখা দুটো গাড়ির মাঝে নিজেদের গাড়িটি পার্ক করার জন্য এ জায়গাটি এতটাই ছোট যে তাদের গাড়ি পার্ক করার পর সেখানে মাত্র একটি পেন্সিলের সমান জায়গায় অবশিষ্ট ছিল। উল্লেখ্য মিনি মেফেয়ার্স গাড়ির মাধ্যমে দুই ভাইয়ের এই নতুন রেকর্ড গড়ার আগে আড়াআড়ি পার্কিং এর পূর্বোক্ত রেকর্ডটি (১৪ সেন্টিমিটার) ছিল রনি ওয়েসেলবার্গারের।
