মধুপুর উপজেলা প্রশাসন নতুন স্থাপনা নির্মাণের অজুহাতে গত রবিবার পৌরশহরের থানাপাড়া মহল্লার একটি সংখ্যালঘু পল্লী উচ্ছেদ করেছে। ঘরবাড়ি হারানো পরিবারের অসহায় সদস্যরা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।
সংখ্যালঘু পরিবারের প্রবীণ সদস্য শিব বাসফোর অভিযোগ করেন, শতাব্দী কাল ধরে তারা মালাউড়ি মৌজার এই পৈতৃক জমিতে বসবাস করে আসছেন। হাল সন পর্যন্ত জমির দাখিলা, খারিজ, রেকর্ড ও বৈধ দলিল রয়েছে। কিন্তু মধুপুর উপজেলা প্রশাসন সংখ্যালঘু পল্লীর অদূরে নির্মাণাধীন অডিটরিয়ামের সৌর্ন্দয় বর্ধন এবং শহীদ মিনার নির্মাণের অজুহাতে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার চাপ দিচ্ছিল। পৈতৃক ভিটা রক্ষায় তারা সমপ্রতি আদালতে অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে মামলাও দায়ের করেন। আদালত আগামী ৫ মে অভিযোগ শুনানির দিন ধার্য করলেও উপজেলা প্রশাসন এক নির্বাহী আদেশ বলে গত রবিবার উচ্ছেদ অভিযান চালায়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, নির্মাণাধীন অডিটরিয়াম সংলগ্ন মেথরপট্রি খাস জমির অর্ন্তভুক্ত। জাল দলিল করে এরা দীর্ঘদিন বেআইনীভাবে বসবাস করছে। পুলিশ স্টেশন সংলগ্ন খাস জমিতে ওদের পুনর্বাসন করা হবে।
