দেশের বিভিন্নস্থানে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:১৯
দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। খবর ইত্তেফাক সংবাদদাতাদের। চরভদ্রাসন ( ফরিদপুর) চরভদ্রাসন উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শদীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করে উপজেলা প্রশাসন, চরভদ্রাসন থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, থানা বি.এন .পি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জাকের পার্টি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মপাশা (সুনামগঞ্জ) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার । রূপগঞ্জ (না’ গঞ্জ) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মার্চপাস্ট, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বামনা (বরগুনা) মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ; বামনা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার ও স্কুল কলেজের ছা্্্্ত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শেষে ডিসপ্লে উপস্থাপন করে। মধুখালী (ফরিদপুর) ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে সকাল ৭টায় বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, বয়েজ স্কাউট, গার্লস ইন স্কাউট, গার্লস গাইড ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীরা সালাম প্রদান করে। মির্জাপুর (টাঙ্গাইল) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। জলঢাকা (নীলফামারী) নীলফামারী জলঢাকায় ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় ও জাতীয় দিবস পালিত হয়েছে। শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। ফুলবাড়ি (দিনাজপুর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ফুলবাড়ি প্রেসক্লাব, সাপ্তাহিক দেশ মা, এনজিও ফোরাম, দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মহালছড়ি (খাগড়াছড়ি) মহালছড়িতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে মহালছড়ি উপজেলা প্রশাসন থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মনোহরগঞ্জ (কুমিল্লা) নানা কর্মসূচির মধ্য দিয়ে মনোহরগঞ্জে স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুর রহমান। হোমনা (কুমিল্লা) হোমনায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ইউএনও মো. হেলাল হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে বিএনপি, অধ্যক্ষ মো.কামাল হোসেনের নেতৃত্ব হোমনা ডিগ্রি কলেজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হোমনা ডিগ্রি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।