বান্দরবানে শ্রমিক নির্যাতনের জের

লাগাতার পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২৩
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের লামা-আলীকদম-চকরিয়া সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান কর্তৃক পরিবহন শ্রমিকদের নির্যাতন, জিপ মালিক সমিতির নেতাদের হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার থেকে লামা, আলীকদম এবং চকরিয়া সড়কে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট ডেকেছে আরকান পরিবহন শ্রমিক-মালিক সমিতি। পরিবহন শ্রমিক-মালিক সমিতির যুগ্ম সম্পাদক কামাল আজাদ জানান, ইউএনও আসাদুজ্জামান আলীকদমে মাসিক সভায় শ্রমিক নেতাদের নাজেহাল, পরিবহন শ্রমিকদের নির্যাতনসহ নানাভাবে হয়রানি করায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে অভিযোগ অস্বীকার করে আলীকদম ইউএনও মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পরিবহন শ্রমিক-মালিক সংগঠন লামা আলীকদম চকরিয়া সড়কে সিএনজি-অটো (মাহিন্দ্রা) চলাচলের ওপর অনেকদিন ধরে হস্তক্ষেপ করে আসছে। উভয়পক্ষকে ডেকে সকল প্রকার যানবাহন চলাচল অবাধ করার কথা বলায় পরিবহন শ্রমিক-মালিকরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ধর্মঘট পালন করছে।