নবাবগঞ্জ সংবাদদাতা
ঢাকার দোহারে গিয়াস মোড়ল নামে এক জমি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মেঘুলা বাজারের ছিদ্দিক ডেকোরেটরে গল্প করার সময় তুচ্ছ কথা কাটকাটির জের ধরে এঘটনা ঘটে। নিহত গিয়াস মোড়ল উপজেলার মেঘুলা গ্রামের মৃত মুনসুর মোড়লের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মেঘুলা বাজারের ছিদ্দিক ডেকোরেটরের ভেতরে জমি ব্যবসায়ী গিয়াস মোড়ল লোকজনের সাথে গল্প করছিলেন। এসময় শহিদ খান নামের অপর জমি ব্যবসায়ী গল্পের বিষয়বস্তু জানতে চায়। বিষয়টি গিয়াস মোড়ল না বলতে চাইলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক ঘন্টা পর শহিদ খান লোকজন নিয়ে এসে গিয়াস মোড়লকে সাটের কলার চেপে ধরে দোকান থেকে টেনে-হেচঁড়ে বের করে আনেন ।
এসময় গিয়াস মোড়ল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের বড় ভাই লুত্ফর মোড়ল দোহার থানায় শহিদ খান ও তার মেয়ের জামাই জিয়াউর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
