তাড়াইলে ভিজিডি প্রকল্পে অনিয়ম

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২৪
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে নতুন তালিকাভুক্ত ভিজিডি কার্যক্রমে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ওই ইউনিয়নের আড়াইউড়া এবং নন্দীপুর গ্রামের বাসিন্দাগণ তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোক দিয়ে ভিজিডির তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের মাধ্যমে অনুমোদনের পর তাঁদেরকে বরাদ্দকৃত সরকারি চাল প্রদান করেন। ভিজিডি তালিকাটি সম্পূর্ণ সরকারি নিয়মের পরিপন্থি হওয়ায় সারা ইউনিয়নে প্রচন্ড তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে এ অভিযোগ অস্বীকার করেন এবং দুস্থ ও অসহায় পরিবারের পরিবর্তে সচ্ছল পরিবারের মহিলাদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি তিনি এড়িয়ে যান। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।