নরসিংদী প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছিল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব আওয়ামী লীগই রক্ষা করবে। মঙ্গলবার নরসিংদীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নবনির্মিত মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহর আওয়ামী লীগ আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোন্তাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এড. আসাদোজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এড. এসএ হাদী, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, ইঞ্জিনিয়ার শওকত আলী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, আতাউর রহমান পিয়ার, আশরাফ হোসেন সরকার, আফসার হোসেন মাস্টার, ইউপি চেয়ারম্যান বাকির হোসেন বাকি, ইউসুফ খান পিন্টু, জেলা যুবলীগ সভাপতি একরামুল ইসলাম, আব্দুল বাছেদ ভূইয়া প্রমুখ। মন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই এ দেশের মাটিতে হবে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরলিপি শিল্পীগোষ্ঠি ও বাউল শিল্পী ভজন ক্ষ্যাপা সংগীত পরিবেশন করেন।
