বাকৃবি সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হল রক্ষার আন্দোলনে যুক্ত থাকা এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত সোমবার ওই হলের ৫ ছাত্রকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে ছাত্ররা ক্যাম্পাসে মশাল মিছিল করে। এছাড়া স্বাধীনতা দিবসে ওই হলের ছাত্ররা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। নোটিসপ্রাপ্ত ৫ ছাত্র হলো: ঈশা খাঁ হলের ফরহাদ, মাহফুজ, রিয়াদ, মিঠুন ও কাজল। নোটিসপ্রাপ্তদের ২৮ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর পূর্বে গত ৪ মার্চ ওই হলের আরো ১৭ জনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই হল পরিত্যক্ত ঘোষণা করে ছাত্রদের অন্য হলে থাকার কথা বললে ছাত্ররা আন্দোলন শুরু করে। ছাত্রদের আশঙ্কা- প্রশাসন হলটি মেরামতের নামে নিয়ে পরে ছাত্রী হলে রূপান্তরিত করবে।
