কাউখালীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব উত্সব শুরু
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে পতিতপাবন শিবাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৬৭তম আবির্ভাব উপলক্ষে বুধবার থেকে কাউখালীর শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া আশ্রমে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আবির্ভাব উত্সব শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রী শ্রী হরিলীলামৃত ও গুরুচাঁদ চরিত পাঠ, বৈঠকী কীর্তন, হরিসঙ্গীত ও মহাসঙ্গীত ।
কিশোরগঞ্জে তিন বিএনপি নেতা-কর্মী গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি হরতালের আগের দিন সন্ধ্যায় শহর থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি আমিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক ও বিএনপি কর্মী মাহবুবকে পুলিশ গ্রেফতার করেছে। কালিবাড়ি এলাকায় বিএনপি’র একটি সমাবেশ থেকে ফেরার পথে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভৈরবে এপিটাফ গ্রুপের ফ্রি চিকিত্সা ক্যাম্প
ভৈরব সংবাদদাতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভৈরব শহরের পঞ্চবটি এলাকায় মাদক বিরোধী সংগঠন এপিটাফ গ্রুপের সৌজন্যে পপুলার হাসপাতাল (প্রাঃ) লিঃ এর আয়োজনে বলাকা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি ক্লিনিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ক্লিনিক ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক তুহিন মোল্লা। এপিটাফ গ্রুপের প্রধান নির্বাহী এবিএম শামসুল আরেফিন জানান, ৪ জন ডাক্তারের সমন্বয়ে এ ফ্রি ক্লিনিক ক্যাম্পের চিকিত্সা সেবা প্রদান করা হয়।
সিংড়ার মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়া চলনবিল মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ ফাহমিদা আকতার আখির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ শীতল কুমার সরকার। উপস্থিত ছিলেন, প্রভাষক রকিব উদ্দিন, এটিএম জিল্লুর রহমান, বেগম হোসনেয়ারা বেগম, শারফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক মনোয়ারা খাতুন।
ধুনটে ডায়াগনষ্টিক সেন্টারের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার ধুনটে মেডিল্যাব ডায়াগনষ্টিক সেন্টার ও কনসালটেশানের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ সকাল ১০টায় ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গোসাইবাড়ী ইউপির সহযোগিতায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন গোসাইবাড়ী ইউপি’র চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জল। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিল্যাবের স্বত্বাধিকারী ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকিরুল ইসলাম জুয়েল।
বিশ্বনাথে প্রকাশনা উত্সব
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট লেখক, প্রবীণ সাংবাদিক ‘সাইদুর রহমান সাঈদ’র প্রথম কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী চেতনার ছায়া’র অন্তরঙ্গ পাঠ’ প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ও বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক সভাপতিত্ব করেন।
লালপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
লালপুর (নাটোর) সংবাদদাতা মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর স্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বাজারের আব্দুর রশিদের লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
নেত্রকোনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নেত্রকোনা প্রতিনিধি গত মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বাকলজোড়া গ্রামের আব্দুল বারির ছোট পুত্র সিয়াম (৬) সকালে তার বড় ভাই নাজমুল আলমের (১৬) কাছে বই নিয়ে পড়া জানতে চাইলে হঠাত্ নাজমুল ক্রোধান্বিত হয়ে ছোট ভাই সিয়ামের দুটি পা উঠিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নিকটবর্তী গাছের কাণ্ডে আঘাত করলে সিয়াম ঘটনাস্থলে প্রাণ হারায়। থানায় মামলা হয়েছে। পুলিশ নাজমুলকে গ্রেফতার করেছে।
সিরাজগঞ্জে ফুড ভিলেজ প্লাসের উদ্বোধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় সিরাজগঞ্জ রোড হাটিকুমরুলে আন্তর্জাতিক মানের হোটেল ফুড ভিলেজ প্লাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুড ভিলেজ লিমিটেডের চেয়ারম্যান, এস আর পরিবহনের স্বত্বাধিকারী সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
বি.বাড়িয়ায় দুর্গতদের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি টর্নেডোর দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। দুর্গতদের সহায়তায় বসুন্ধরার কর্ণধার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কৃতী সন্তান আহমেদ আকবর সোবহান গত মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠানের অর্থ উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠান। তিনি চান্দি, জারুলতলা, উরশিউড়া, চিনাইর, ভাতশালা, বাসুদেবসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। পরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ময়নাল হোসেন চৌধুরী ৩টি ট্রাকে করে ক্ষতিগ্রস্তদের জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে নিয়ে ৩০ টন চাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
বিশ্বনাথে আগ্নিদগ্ধ হয়ে দুই সন্তানের জননীর মৃত্যু
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথে দুই সন্তানে জননী রাফিলা বেগম (২৮) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুর ১২টায় চিকিত্সাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি উপজেলার ছরকারীগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী আনোয়ার আলীর স্ত্রী। রাফিলার চাচা বশির আহমদ জানান, রান্না ঘরে চুলার আগুন থেকে অসাবধানতায় কাপড়ে আগুন লেগে যায় রাফিলার। দুইদিন চিকিত্সার পর সে মৃত্যবরণ করে।
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রামে গত মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে চিওড়া ইউপির চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা ও সাবেক ইউপি সদস্য নুর মিয়ার ছোট ছেলে। জানা গেছে, ইমরান মোটর সাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির পাড়স্থ একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ফেরার পথে দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে।
সিরাজদিখানে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগরে বুধবার-জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আ. আজিজ (৪৫), সহিদুল (৩৫), বেবি বেগম (৪২), আ. মুজিদ (৫৫), ইব্রাহিমকে (৪২), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আব্দুল আজিজ ও সহিদুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দু’জনকে মুন্সীগঞ্জ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে জয়নাল বেপারী ও আব্দুল আজিজের সাথে বিরোধ চলছিল । সকালে আব্দুল আজিজ জমিতে গরু নিয়ে গেলে জয়নাল বেপারীর বাধার মুখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নাসিরনগরে মাটি কাটা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ৩০
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংর্ঘষে মহিলাসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোর্কন ইউনিয়নের জেঠা গ্রামে মোঃ রেনু মিয়া সর্দার ও মনা মিয়া সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে জেলা সদর হাসপাতালে ও ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী ও আহতরা সূত্রে জানা যায়, উপজেলার জেঠা গ্রামে রেনু মিয়া সর্দার সাথে ও মনা মিয়া সর্দারের সীমানা নিয়ে বিরোধ চলছিল।
দুর্গাপুরে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দুর্গাপুর কর্তৃক আয়োজিত উপজেলার সদর ইউনিয়নের সুবিধাবঞ্চিত শিশু ও দুঃস্থ মহিলাদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান দুর্গাপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য, চেক ও সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহম্মেদ রুহী।
রায়পুরায় যুবলীগের আলোচনা সভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকালে তুলাতলী বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাকীম মো. হারিছুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ. একে. এম. মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল, অহিদুজ্জামান পালাশ, জুবায়ের সাঈদ বাবুল প্রমুখ।
নগরকান্দার বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় দাতা সদস্য ও সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা আ’লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার, থানা অফিসার ইনচার্জ এম এ করিম।
চৌদ্দগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার সংলগ্ন প্রতিভা কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত মঙ্গলবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। মাস্টার সহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এড. এম শাহজাহান (লিংকন)। বিশেষ অতিথি ছিলেন ফেনী রামপুর নাছির মেমোরিয়াল কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নাছের, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাহার, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পারভেজ মজুমদার, মাস্টার আবদুল মতিন, সুমন, সাইফুল ইসলাম প্রমুখ।
নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নাগেশ্বরী সংবাদদাতা নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নেওয়াশী ইউনিয়নের বোয়ালভীড় গ্রামের শ্রীকান্তের ছেলে সুভাস (২৫) মোটর সাইকেল নিয়ে কাছারী পায়ড়াডাঙ্গা এলাকার রাস্তা ক্রসিংয়ের সময় কুড়িগ্রাম থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
মির্জাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়েছে । উপজেলার স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেন । উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের কৃতী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অথিতিবৃন্দ পুরস্কার তুলে দেন।
মীর্জাগঞ্জে চৈতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী ৪৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার বিদ্যালয় মাঠে শেষ হয়েছে। সমাপনী দিনে প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
গাজীপুরে চোরাই রাবারসহ ট্রাক আটক
গাজীপুর প্রতিনিধি গাজীপুরে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ রাবারসহ একটি ট্রাক আটক করেছে জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির পুলিশ। গত মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বাইপাস মোড় এলাকা থেকে রাবার ভর্তি ট্রাকটি আটক করা হয়। এঘটনায় ট্রাকের চালক আনসার আলী (৪৫) ও হেলপার নুরুন্নবীকে (৩৬) আটক করা হয়েছে। আটক ট্রাক চালক জানান, টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে প্রায় ১৫ টন রাবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী যাচ্ছিল।
নাঙ্গলকোটে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের পেরিয়া মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা গতকাল বুধবার একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাষ্টার ইসমাইল মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ মোঃ শাহজাহান, ঊষা চেয়ারম্যান জয়নাল আবেদীন, অধ্যক্ষ আবু তৈয়ব, জোবায়ের আল মাহমুদ, মাষ্টার মিজানুর রহমান প্রমুখ।
মেহেরপুরের গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
মেহেরপুর প্রতিনিধি তুচ্ছ ঘটনাকে কেন্দ করে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত স্বামী-স্ত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মিলন ও একই পাড়ার জান্টুর ছেলে পাড়ায় পিকনিক করা নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে দেলুর ছেলে জান্টু ধারালো অস্ত্র দিয়ে সমশের আলী ছেলে মিলন (৩২) ও মিলনের ন্ত্রী আজিরনকে (২৫) কুপিয়ে জখম করে।
মান্দায় জামায়াতের আলোচনা সভা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজকল্যাণ পরিষদ হল রুমে গত মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারী খ.ম আব্দুর রাকিব।
