পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড

জয়ের ধারায় স্পেন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৪৭
শিরোপাধারী স্পেন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল বিশ্বকাপের দিকে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের দিনে প্রত্যাশামাফিক জয় পেয়েছে নেদারল্যান্ডস, জার্মানি এবং ইতালিও। তবে দারুণ শুরুর পরেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ দল ইংল্যান্ড। ফিনল্যান্ডের সঙ্গে মাদ্রিদে ১-১ গোলে ড্র করার পরেই সমালোচকরা বলতে শুরু করেছিলেন, স্পেন পথ হারিয়েছে। এত সহজে ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া হচ্ছে না তাদের। অবশ্য সমালোচকদের এই কথার পেছনে যুক্তিও ছিল। কারণ ঐ ম্যাচের আগে নিজেদের মাঠে ফ্রান্সের সঙ্গেও তারা ড্র করেছিল ১-১ গোলে। বিশ্বকাপ এবং ইউরো জয়ী এই দলটিকে একদমই অচেনা লাগছিলো মাঠে। আর এই সুযোগে তাদের টপকে আই গ্রুপের শীর্ষে উঠে গিয়েছিল ফ্রান্স। দলের সেরা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে গত মঙ্গলবার প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে স্বাগতিকদের একমাত্র গোলে হারিয়েই শেষ পর্যন্ত সব সমালোচনার জবাব দিল ভিসেন্তে দেল বস্কের দল। ম্যাচের ৫২তম মিনিটে ফ্রান্সের গোল সীমানায় জটলার মধ্যে বল পান পেড্রো। ফরাসি গোলরক্ষক হুগো লরিস বল বিপদমুক্ত করার আগেই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে কোন দলই গোলের দেখা না পেলে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্পেন। এ জয়ের ফলে ফ্রান্সকে টপকে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল তারা। ১৯৯৩ সালের মার্চের পরে বিশ্বকাপ বাছাই পর্বে আর কোন ম্যাচ হারেনি স্পেন। সেই ধারা বজায় রাখতে পেরে স্বভাবতই দারুণ খুশি কোচ দেল বস্ক। স্প্যানিশ টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এই তিনটি পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে ধ্যান-ধারণায় বিশ্বাস করি তাকে দৃঢ় ভিত্তি দিতে এই জয়টা প্রয়োজন ছিল।’ এদিকে রবিন ফন পার্সির জোড়া গোলে রোমানিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ডাচরা। আমস্টারডামে গত মঙ্গলবারের এই ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার পরে কোচ লুইস ফন গাল দলের পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পরে এখনো পর্যন্ত এটাই দলের সেরা পারফরম্যান্স। গত ম্যাচের চেয়ে (এস্তোনিয়ার বিরুদ্ধে) এই ম্যাচটিতে আমরা অনেক বেশি সাফল্যের সঙ্গে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পেরেছি।’ এজয়ের ফলে ডি গ্রুপ থেকে চূড়ান্তপর্বে যাওয়াটা অনেকটা নিশ্চিত করে ফেলল দলটি। কারণ দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সঙ্গে তাদের এখন সাত পয়েন্টের ব্যবধান। গতকাল নিজেদের ম্যাচে হাঙ্গেরি ১-১ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। জার্মানিও প্রত্যাশিত জয় পেয়েছে কাজাখস্তানকে হারিয়ে। নুরেমবার্গে গত মঙ্গলবার তারা ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। দ্বিতীয়স্থানে থাকা দলটির চেয়ে আট পয়েন্ট এগিয়ে থাকা জার্মানরাও অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিলের টিকেট। দুর্দান্ত ফর্মে থাকা মারিও বালোতেল্লির জোড়া গোলে মাল্টাকে ২-০ ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ বি’র অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা দল বুলগেরিয়া ১-১ গোলে ড্র করেছে ডেনমার্কের সাথে। ইংল্যান্ড মন্টেনেগ্রোর মাঠে খেলতে নেমেছিল প্রতিপক্ষকে এইচ গ্রুপের শীর্ষ স্থানচ্যুত করার লক্ষ্য নিয়ে। প্রথমার্ধের ছয় মিনিটে ওয়েইন রুনির গোলে সে লক্ষ্যে এগিয়েও গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে দেজান দামজানোভিচের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এ ড্রয়ের ফলে ইংল্যান্ডের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো মন্টেনেগ্রো। আজারবাইজানকে ২-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরলো পর্তুগাল। ইসরাইলের সঙ্গে গত শুক্রবারের ম্যাচটি ড্র করে পয়েন্ট হারানো দলটি এফ গ্রুপের শীর্ষ দল রাশিয়ার পেছনে থেকে বর্তমানে দুই নম্বরে অবস্থান করছে।