ইয়োহান ক্রুইফকে টপকে নেদারল্যান্ডসের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক এখন রবিন ফন পার্সি। তার দুই গোলের পাশাপাশি রাফায়েল ফন ডার ভার্ট এবং জেরেমিন লেনসের দুটি গোলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডাচরা গত মঙ্গলবার ৪-০ গোলে বিধ্বস্ত করে রোমানিয়াকে। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করে পার্সি; ছাড়িয়ে যান কমলা জার্সি গায়ে ক্রুইফের করা ৩৩ গোলের মাইলফলক। এর আগেই আরেকটি গোল করে তিনি ছুঁয়ে ফেলেন ডাচ কিংবদন্তিকে। ৪০ গোল নিয়ে প্যাট্রিক ক্লাইভার্টই কেবল পার্সির সামনে আছেন। এমন পারফরমেন্সের পর পার্সিকে প্রশংসায় ভাসিয়েছেন দলের কোচ লুইস ফন গাল। ভোয়েতবাল ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘প্রথমার্ধে ফন পার্সি ছিল দুর্ভাগা। কিন্তু দ্বিতীয়ার্ধে সে ভাগ্যের সহায়তা পেয়েছে এবং তার গোলটি ছিল সত্যিই অসাধারণ।’
