বাউফলে অপহূত স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৫৫
বাউফল থেকে অপহূত পঞ্চম শ্রেণির স্কুলছাত্র সোলায়মানকে (১০) চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে পুলিশ তাকে চট্টগ্রামে আগ্রাবাদ এলাকার ‘পারাবত’ হোটেলের সামনে থেকে উদ্ধার করে। রবিবার দুপুর দেড়টার দিকে তিন দুর্বৃত্ত সোলায়মানকে বাউফলের বাকলা তাঁতেরকাঠি প্রাইমারি স্কুল থেকে অপহরণ করে এবং তার বাবা আবদুস ছালাম তালুকদারের কাছে মোবাইল ফোনে প্রথমে ২০ লাখ ও পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর পুলিশ সোলায়মানকে উদ্ধার করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে। বাউফল থানার দারোগা হুমায়ন কবির ও মো. ফোরকান বন্দর থানা পুলিশের সহায়তা নিয়ে ওইদিন রাত পৌনে ১টায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সোলায়মানকে পারাবত হোটেলের সামনে রেখে পালিয়ে যায়। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, অপহরণ ঘটনার মূল হোতা মনির তালুকদার (২৬) অপহূত সোলায়মানের আপন চাচাতো ভাই, খুনের মামলার আসামি। এই মামলায় অর্থের জোগান দিতে এক মাস আগে সোলায়মানের বাবা আবদুস ছালামের কাছে ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে সোলায়মানকে অপহরণ করে।