কক্সবাজারে আইনজীবী আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৫৫
কক্সবাজারের আরো এক আইনজীবীকে আটক করা হয়েছে। আটক আইনজীবীর নাম মোহাম্মদ আবদুল মান্নান। সিনিয়র এই আইনজীবী জেলা বিএনপির সদস্য। গতকাল বুধবার আদালত প্রাঙ্গণ থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। এ আটক সম্পর্কে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘আটকের কারণ পরে ব্যাখ্যা করা হবে’। আটক আইনজীবী আবদুল মান্নান সদর থানায় সাংবাদিকদের জানান, গত মাসে জামায়াত নেতা শাহজালাল চৌধুরীর মামলা পরিচালনাকালে আদালতে বিচারকের সামনেই ২ জন ওসি তাকে মিথ্যা মামলায় জড়ানো ও আটকের হুমকি দেন। এ ঘটনায় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন। এরপর উখিয়ায় গাড়ি পোড়ানোর ৩টি মামলায় তাকে আসামি করা হয়। তবে ওসব মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন মহলের নির্দেশে ওই আইনজীবীকে আটক করা হয়েছে।