নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল বাসষ্ট্যান্ডের নিকটে একটি যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলাসহ ৫ জন নিহত এবং ২০ জন আহত হন। নিহতরা হলেন বাসের চালক ভোলার দৌলতখান উপজেলার আক্তার হোসেন (২২), আলামিন (৩০), সৌদী প্রবাসী সুনামগঞ্জের আব্দুল আউয়াল (৪২), অজ্ঞাত মহিলা (৩৫), অজ্ঞাত পুরুষ (২৫)। আহতদের নরসিংদী, মাধবদী, ভুলতার প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে নিউলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম থেকে নরসিংদীগামী সুতাবাহী একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে একটি দোকানের ভিতরে ঢুকে যায়। অপরদিকে কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট সড়কের শিবপুর উপজেলার ইটাখোলার সৈয়দনগর নামকস্থানে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা যান। নিহতরা হলেন শিবপুর উপজেলার কারারচর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), একই এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে মো.বাবু মিয়া (১৮) ও সুরুজ মিয়ার ছেলে শাহীন মিয়া (২১)। ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে সাইফুলসহ তার দুই বন্ধুকে নিয়ে ইটাখোলা যায়। রাতে ইটাখোলা থেকে ফেরার পথে সৈয়দনগর এলাকায় মহাসড়কের পাশে হঠাত্ দুর্ঘটনায় পতিত হয়।
