রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু মহানগরীর শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ সিটি করপোরেশনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। দুর্নীতির জন্য তিনি স্থানীয় সরকার সচিব আবু আলম মোঃ শহিদ খান, সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক এবং সচিবের আত্মীয়-স্বজনদেরকে দায়ী করেন। গতকাল সিটি করপোরেশন মিলনায়তনে জরুরি সংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। দু’একদিনের মধ্যে একটি তদন্ত টিম রংপুরে আসবে এবং অবশ্যই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর খালের দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানালে গত ২৪ মার্চ খালের ব্রিজ নির্মাণ, কাজের পরিমাণ ও মান পরীক্ষার জন্য রংপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। মেয়র ঝন্টু অভিযোগ করেন, কমিটি গঠনের পরদিন ২৫ মার্চ এই কমিটির উল্লেখিত ৩ সদস্যকে ঢাকা, খাগড়াছড়ি এবং তারাগঞ্জ উপজেলায় বদলী করে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়। সংবাদ সম্মেলনে তিনি সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিকের আমলে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন।
