বিলাওয়াল শিগগিরই পাকিস্তানে ফিরবেন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:৩২
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরে আসছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। গত মঙ্গলবার আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে পিতা আসিফ আলী জারদারি ও ফুফু ফারিয়াল তালপুরের সঙ্গে বিরোধের জের ধরে বিদেশে চলে যাবার খবর প্রকাশিত হবার পর তাত্ক্ষণিকভাবে দলের পক্ষ থেকে তথ্য সচিব ওমর জামান কায়রা একথা জানান। খবর ডন অনলাইনের। প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে ওমর জামান কায়রা বলেন, পিপিপির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এর ভেতর কোন সত্য নেই। বিলাওয়াল আগামী ৪ এপ্রিলের মধ্যে দেশে ফিরে এলে দলটির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে গাড়হি খুদা বক্স থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি।