মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর উপর থেকে মানুষের চাপ কমানোর জন্যে দেশে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর প্রস্তাব করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পর নিজেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, প্রাদেশিক সরকার হলেই যানজটের সমস্যা কমে যাবে। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা আছে। তিনি বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে দেশের সর্বত্র এক সঙ্গে হরতাল হতো না বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশ ভৌগলিকভাবে ছোট একটি দেশ। একে খণ্ড খণ্ড করলে লাভ হবে না। বরং প্রশাসনিক ব্যয় অনেক বেড়ে যাবে। বাজেটের উপর চাপ পড়বে। তিনি বলেন, এর পরিবর্তে দক্ষভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।
এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সামনে যে সময় আসছে, আপনার পক্ষে সব সমাধান করা কঠিন। জনগণ আপনার সঙ্গে আছে, আমিও আপনার সঙ্গে আছি।
অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে অসন্তোষ ব্যক্ত করে বলেন, আমি ঢাকা - ১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু এখানে ডিলিমিটেশন হয়েছে। আমার আসনের কিছুটা চলে গেছে ঢাকা-১৬ আসনের সঙ্গে। কিছুটা চলে গেছে ঢাকা-১১ ও ঢাকা-১০ এর সঙ্গে। জানি না আগামীতে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে পারব কিনা। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
