রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চালু হওয়া বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেসে’ টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য আদায় বাতিল চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহী এলাকার জনপ্রতিনিধি হিসেবে রবিবার তিনি চিঠি দিয়েছেন।
এদিকে রবিবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ট্রেনে বাধ্যতামূলক খাবারের বিষয়টি অপ্রয়োজনীয়। এ সিদ্ধান্তের কারণে অনেকেই ট্রেনটির ব্যাপারে উৎসাহ হারিয়েছেন বলে জানতে পেরেছি। কাজেই যাত্রীদের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা জরুরি।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, খাবারের বিষয়টি নিয়ে মন্ত্রী আমাকে ফোন করেছিলেন। আমি ট্রেনে খাবার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করে ঐচ্ছিক করার পক্ষে মত দিয়েছি। মন্ত্রী বাতিলে সম্মত হয়েছেন। মেয়র বলেন, ট্রেনের যাত্রীদের খাবারের বিষয়টি ব্যক্তিগত।
আরও পড়ুন: জিপিএ-৫: রাজশাহীতে বোর্ড সেরা বগুড়া জিলা স্কুল
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বাধুনিক ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করেন। এ ট্রেনে যাত্রীদের একটি করে কেক, একটি বার্গার, একটি সিঙ্গাড়া এবং ৫০০ মিলি লিটারের পানির বোতল সরবরাহ করা হয়। এ জন্য টিকিটের মূল্যের সঙ্গেই অতিরিক্ত ১৮০ টাকা কেটে নেওয়া হয়। ফলে প্রতিটি শোভন চেয়ারের দাম পড়ছে ৫২৫ টাকা। আর এসি চেয়ারের দাম পড়ছে ৮৭৫ টাকা। বাধ্যতামূলক এ খাবারের মান নিয়েও যাত্রীদের মাঝে ক্ষোভ রয়েছে।
ইত্তেফাক/অনি
