বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গতকাল বুধবার রাজধানী জুড়ে হরতালবিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। নগরীর শতাধিক স্থানে সমাবেশে নেতারা বলেছেন, দেশের গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
সকালে কাওরান বাজার এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। খণ্ডখণ্ড মিছিল আর মানববন্ধনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা মুখর ছিল। সেখানে মানববন্ধনে নেতারা জানান, বিরোধী দলের নেত্রীর গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র সফল হবে না। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যিনি স্বাধীনতা মানেন না, মুক্তিযুদ্ধ করেননি, তিনি এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছেন। এদেশের প্রজন্মকে তারা অপমান করেছেন। যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের পর সহিংসতায় যেসব হত্যাকাণ্ড হয়েছে তার নায়ক ও পরিকল্পনাকারী হিসেবে দেশের জনগণ একদিন খালেদা জিয়ারও বিচার করবে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যারা হরতাল আহ্বান করেছে ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করে ব্যবস্থা নেয়া উচিত।
