বর্তমান হরতাল পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতির চেষ্টা করার দায়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জামায়াত-শিবিরের আমীর বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, উনি (খালেদা জিয়া) অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছেন, সরকার অর্থনীতিকে বাঁচাবার বিকল্প উপায় বের করছে। শুক্র ও শনিবার এনবিআরসহ আমদানি রপ্তানি ও উত্পাদনের সাথে সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে। বুধবার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলতি ২০১২-১৩ অর্থ বছরের রাজস্ব আদায় পরিস্থিতি ও আগামী অর্থ বছরের বাজেটের প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি অর্থ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আদায়ে প্রায় ৪ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে এনবিআর। হরতালসহ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে এ জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থমন্ত্রী হরতালের কারণে এ অবনতি মানতে নারাজ। তিনি বলেন, হরতালের কারণে অবনতি মনে করি না। অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। আমরা রক্ষা করার চেষ্টা করছি। অর্থ বছরের শেষ নাগাদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো।
