ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিশ্বের যে কোন দেশের প্রকৃত শিক্ষার্থী ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং ইংরেজি ভাষায় তার দক্ষতা থাকলে ব্রিটেনে পড়াশোনা করতে পারবে। গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিবাসনের উপর এক বক্তৃতায় এ কথা বলেন।
অভিবাসন কিভাবে ব্রিটেনের জন্য সুফল বয়ে আনছে সেই বিষয়ের ওপর জোর দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ব্রিটেনের উদারতা ও বৈচিত্র্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যাদের অবদানে ব্রিটেনের সমৃদ্ধি ও শক্তিশালী সমাজ, আমাদের অভিবাসী সম্প্রদায়গুলো তাদের গুরুত্বপূর্ণ অংশ। বিখ্যাত বিজ্ঞানী, চিকিত্সক, শিল্পী, বাদ্যযন্ত্রী এবং ক্রীড়া তারকা বা ব্যবসায়ী নেতৃত্ব, উদ্যোক্তা এবং কঠোর পরিশ্রমী এবং ক্ষুদ্র ব্যবসায় সফল নারী ও পুরুষসহ অনেকের পারিবারিক ইতিহাস অনুসন্ধান করলে দেখা যাবে তারা এই ভূখণ্ডে এসে বসবাস করেছিলেন।
তবে যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরো কঠোর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য আগে যে ধরনের সুযোগ-সুবিধা ছিল সেইসব সুবিধা অনেকটা কাটছাঁট করা হচ্ছে। বেকার ভাতার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ১৪ মার্চ অভিবাসন নীতিমালায় পরিবর্তন আনা হয় যা ৬ এপ্রিল কার্যকর হবে।
