কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করকে কাফনের কাপড়সহ চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে পাঠানো চিঠিটি গতকাল বুধবার দুপুরে হাতে পান বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উজ্জ্বল কর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চিঠিটি হাতে পান। চিঠি খুলে একটি চিরকুট এবং এক টুকরো সাদা কাপড় পান। চিঠিতে কক্সবাজারে সম্প্রতি পুলিশের গুলিতে ৫ জনের নিহত হওয়ার ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিশোধ হিসাবে মৃত্যুর জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানও গতকাল দুপুরে একই ধরনের একটি চিঠি পেয়েছেন বলে জানান। তাদের ধারণা, জামায়াত-শিবিরই এ চিঠি পাঠিয়েছে। উজ্জ্বল কর এ ব্যাপারে রসিকতা করে বলেন, আমাকে পাঠানো উচিত ছিল জ্বালানি কাঠ। কারণ আমাকে দাফন নয়, দাহ করা হবে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
