চিনুয়া আচেবের মৃত্যু
আফ্রিকান সাহিত্যের কিংবদন্তি চিনুয়া আচেবে গত ২১ মার্চ ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর সহকারী জানান, কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আচেবে ১৯৯০ সালে নাইজেরিয়ায় এক সড়ক দুর্ঘটনার পর হুইল চেয়ারে চলাফেরা করতেন। চিনুয়া আচেবে সারা পৃথিবীর সাহিত্যরসিকদের মনোযোগ আকর্ষণ করেন তাঁর বিখ্যাত উপন্যাস ‘থিংস ফল অ্যাপার্ট’ প্রকাশিত হওয়ার পর। মাত্র ২৮ বছর বয়সে তাঁর এ উপন্যাস প্রকাশিত হয়। তিনি শেষ জীবন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে কাটিয়েছেন।
আফগানিস্তানে সাহিত্যচর্চা
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে উপন্যাস ও সাহিত্যচর্চা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। অনেকে যুক্তি দেখাতে পারেন, দেশটির সাহিত্যচর্চা যুদ্ধ ও যান্ত্রিকতায় পর্যুদস্ত। কিন্তু সত্যটা অন্যরকম। ‘দ্যা কাইট রানার’, ‘এ থাউজেন্ড অব স্পেলডিড সানস’ এবং অত্যধিক নাড়া দেয়ার মতো উপন্যাস ‘ব্লু বোরকা’ বা ‘মাই ফরবিডেন ফেইস গ্রোয়িং আপ আনডার দ্য তালিবান’, ‘বিহাইন্ড দ্যা বোরকা’—প্রভৃতি উপন্যাস আফগানিস্তানের জাতীয় জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু যে উপন্যাসগুলো সবচেয়ে বেশি সফলতা পেয়েছে তা মূলত যুদ্ধকালীন ড্রোন হামলা নিয়ে রচিত। এ ছাড়া রবার্ট বেলসের ১৭ জন নিরপরাধ নাগরিক হত্যা, অস্ত্র সহজলভ্য হওয়ায় নাগরিক সন্ত্রাসবাদ, আফগানিস্তানে কর্মরত বিদেশি সেনাদের মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার কাহিনি, ক্ষুধা ও দারিদ্র্যের চরম কশাঘাত ইত্যাদি আফগানিস্তানের সাম্প্রতিক কথাসাহিত্যে সুন্দরভাবে উঠে এসেছে।
‘সানডে টাইমস শর্ট স্টোরি’ পুরস্কার জিতলেন
জুনট ডায়াজ
ছোটগল্প ‘মিস লরা’র জন্য ‘সানডে টাইমস শর্ট স্টোরি’ পুরস্কার লাভ করেছেন পুলিত্জার ও মার্ক আর্থার জিনিয়াস-বিজেতা আমেরিকান লেখক জুনট ডায়াজ। মিস লরা গল্পটি এক স্কুলপড়ুয়া ছাত্রকে নিয়ে লেখা। গল্পটি মার্ক হেডন, আলি স্মিথ ও সারাহ হলের মতো গল্পকারদের গল্প পেছনে ফেলে জয় করে নেয় ৩০ হাজার ইউরো। ঔপন্যাসিক ও বিচারক এন্ড্রু ও’হ্যাগন এটিকে বর্তমানের সেরা ক্ল্যাসিক গল্প বলে উল্লেখ করেন।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাটনা সাহিত্য উত্সব’
৩০ মার্চ শনিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাটনা সাহিত্য উত্সব। ভারত ও পাকিস্তানের লেখক, কবি-সাহিত্যিকেরা এ উত্সবে যোগ দেবেন। পাটনার মুখ্যমন্ত্রী দীনেশ কুমার এই অনুষ্ঠানকে বিহারের জন্য এক বড় সাংস্কৃতিক উত্সব বলে অভিহিত করেছেন। পরবর্তী সময়ে বিশ্বের সব দেশের সেরা সাহিত্যিকদের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
‘ম্যান এশিয়ান সাহিত্য পুরস্কার’ লাভ করলেন
তান তুয়াং ইং
২০১৩ সালের ম্যান এশিয়ান সাহিত্য পুরস্কার লাভ করেছেন তান তুয়াং ইং। তাঁর অসাধারণ উপন্যাস ‘দ্যা গার্ডেন অব ইভিনিং মিস্ট’-এর জন্য প্রথম মালেশিয়ান হিসেবে তিনি এ পুরস্কার পেলেন। ম্যান এশিয়ান এশিয়ার সর্বোচ্চ সাহিত্যপুরস্কার হিসেবে বিবেচিত। তান লেখক তাঁর অনভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি খুব অবাক হয়েছি। এত ভালো ভালো বইয়ের মাঝেও এটি সেরা নির্বাচিত হয়েছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।’ এই পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন:নোবেল বিজয়ী তুর্কি ঔপন্যাসিক ওরহান পামুক, ভারতের কবি ও কথাসাহিত্যিক জিত্ থায়িল, জাপানের হিরোমি কাওয়াকামি এবং পাকিস্তানের মোশারফ আলি ফারুকির মতো সাহিত্যিকেরা। অসংখ্য থিম ও রহস্যের কারণে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন নির্বাচক প্যানেলের সভাপতি ও ব্রিটিশ সাংবাদিক ডক্টর মায়া জ্যাগি।
