আরও যা কিছু সঙ্গে ছিল সেগুলোরও ভাঁজ খুলে ফেলা হবে এখনই— চে গুয়েভারার ক্যাপ, শ্যাভেজের চিঠি, আর কাস্ত্রোর কাস্তেটা থেকে বের করা হবে শ্বাসনালি উগের দেয়া ধ্বনি প্রতিধ্বনি—আততায়ীর কণ্ঠপ্রপাত।
তৃতীয় বিশ্বের দেবদূতরা সব জড়ো হচ্ছে একে একে—তারাও সটান খুলে ফেলবে ঘুমলাগা মোমের মোড়ক—গেয়ে যাবে ভবঘুরে ভাটির কাহন—জ্বেলে দিবে আতশখানার সবকটা ঝাড়বাতি।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কবিতাশ্রমিক সব চলে আসছে- রক্তবীজমাখা সুগ্রীব ডানায় পৌরুষের ইকারুস—সূর্যসেঁকা নৈঃশব্দ্য চত্বরে! চাওয়া অনেক—পাশে আছে অক্ষরের কীটদষ্ট চিঠি—তবে সবচেয়ে আগে চাই যুদ্ধাপরাধীর উত্সন্ন করোটি।
