আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। গত ১৬ মার্চ তাজহাট জমিদার বাড়ির আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় ‘ইত্যাদি’। বর্ণিল আলোয় তাজহাট যেন সেদিন নতুন সাজে সেজেছিল। উল্লেখ্য, ২৪ বছর পূর্তি হয়ে ‘ইত্যাদি’ এ বছর পা দিয়েছে পঁচিশ বছরে।
ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, যত বছর পূর্তি কিংবা যুগপূর্তি হোক না কেন ‘ইত্যাদি’কে দেখা যাবে তার চিরচেনা চেহারায় এবং চরিত্রে। প্রতিবারের মতো এবারের ‘ইত্যাদি’তেও রয়েছে তথ্য, শিক্ষা ও বিনোদনের সমাহার। যথারীতি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা কিছু হূদয়ছোঁয়া প্রতিবেদন। উল্লেখ্য ‘ইত্যাদি’তে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক সত্-সাহসী, জনকল্যাণকামী, নিভৃতচারী আলোকিত মানুষদের তুলে ধরা হয়। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। পুনঃপ্রচার হবে ৭ এপ্রিল রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
