ভ্যাট আইন নিয়ে এফবিসিসিআই’র উদ্বেগ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২০:০৮
নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তাদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারা প্রভাবিত হয়ে আইনটি পাশ করেছে। এর ফলে ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুন্ন হবে। যার প্রভাব পড়বে রাজস্ব আহরণেও। গতকাল বৃহস্পতিবার এনবিআরে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব দিতে গিয়ে এ উদ্বেগের কথা জানায় এফবিসিসিআই। সমপ্রতি জাতীয় সংসদে ভ্যাট আইন পাশ হয়েছে। নতুন আইনে সকল ক্ষেত্রে ১৫ হারে ভ্যাট নির্ধারণের কথা বলা হয়েছে। সেই সাথে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট দানের নিয়মও বাতিল করা হয়েছে। এই আইনে শুরু থেকেই সহায়তা করে আসছিল আইএমএফ। তবে ব্যবসায়ীরা মনে করছেন, আইএমএফের চাপে নতুন আইনে এসব ধারা সংযোজন করা হয়েছে। নতুন আইনটি আগামী ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক আইন। এই আইন মেনে নিতে পারব না। এনবিআরের উদ্দেশ্যে তিনি বলেন, আইএমএফের দ্বারা প্রভাবিত হবেন না। জবাবে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন ব্যবসায়ী নেতাদের আইএমএফের সাথে আলোচনা করার পরামর্শ দেন। আগামী বাজেটের জন্য এফবিসিসিআই ভ্যাট, আয়কর ও শুল্ক খাতের জন্য সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেয়। ব্যাক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বিদ্যমান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব দেন। সেই সাথে করহারের স্তরেও কিছু পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়। কোম্পানির কর হার আরো কমানোর প্রস্তাব দেয়া হয়। এছাড়া বিদ্যমান কর অবকাশ অব্যাহত রাখা, বিভাগ ও জেলায় বিনিয়োগ উত্সাহিত করতে প্রণোদনা দেয়া, কাঁচামালের উপর অগ্রিম আয়কর বিদ্যমান ৫ শতাংশের স্থলে ৩ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়। আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ চলমান হরতালে উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি বলেন, এই হরতালে ব্যবসায়ের ক্ষতি হতে দেব না। সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, চলতি মাসে ২২ দিন ব্যবসায়ীরা কর্মহীন ছিলাম। এই অবস্থায় কীভাবে কর দিব? এনবিআর চেয়ারম্যান হরতালে চলমান সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সরকার সীমিত ক্ষমতা নিয়ে কতটুকু সামাল দেবে - প্রশ্ন আছে। এই অবস্থায় শুক্র ও শনিবার এনবিআর সংশ্লিষ্ট অফিস খোলা রাখার কথা পুনর্ব্যক্ত করে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ জন্য আপনাদের বাড়তি কোন খরচ করতে হবে না। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করীম, জাহাঙ্গীর হোসেন, ফিরোজ শাহ আলম প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রমানিক ও এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুর রাজ্জাক, আব্দুল হক প্রমুখ।