আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকায় হতাশা প্রকাশ করে আফগানিস্তান বলেছে, সরকার ইসলামাবাদের কোন সহায়তা ছাড়াই শান্তির জন্য কাজ করে যাবে। পাকিস্তানের সাহায্য ছাড়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আফগানিস্তান এমন স্পষ্ট ইঙ্গিত এটাই প্রথম।
আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাভেদ লুদিন বুধবার রয়টার্সকে এক সাক্ষাত্কারে বলেন, ‘২০১৪ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার এই অন্তিম সময়ে অতীব জরুরি হয়ে ওঠা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অবস্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আমরা আবারো শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকায় হতাশ। পাকিস্তানের আত্মপ্রশান্তিমূলক নীতি দেখে আমরা কাবুলের লোকজন খুবই ব্যথিত। গত কয়েক মাসে আমাদের সঙ্গে যা ঘটেছে, তাতে আমরা দেখছি, পাকিস্তানের লক্ষ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা প্রতিমুহূর্তেই নীতির পরিবর্তন ঘটাচ্ছে, আমরা বিষয়টি বুঝতে পারছি।’ আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের যোগসূত্রতার কারণে পাকিস্তান আফগান শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে গড়িমসি করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাগরাম কারাগারের বিশিষ্ট তালেবান নেতাদের আফগানি-স্তানের কাছে হস্তান্তর করেছে। জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন লুদিন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তালেবান ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলোকে শান্তি আলোচনায় অংশ নেয়ানোর জন্য আফগান কর্মকর্তারা পাকিস্তানকে বরাবরই চাপ দিয়ে আসছে। শান্তি আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে এমন কয়েকজন তালেবান নেতাকে ইসলামাবাদ মুক্তি দেয়ার পর, কাবুল শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছিল।
