কাতারে সিরিয়ার বিরোধী জোটের প্রথম দূতাবাস

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:০৭
কাতারে বুধবার প্রথম দূতাবাস খুলেছে আরব লিগের স্বীকৃতি পাওয়া সিরিয়ার বিরোধী জোট ‘দ্য সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য এটি আরেক কূটনৈতিক পরাজয়। এর আগে মঙ্গলবার কাতারের দোহায় আরব লিগের সম্মেলনে সিরিয়ার শূন্য আসনে বসেন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতা মোয়াজ আল খতিব। যা ছিল আসাদের জন্য কূটনৈতিক বিচ্ছিন্নতারই লক্ষণ। বুধবার ফিতা কেটে কাতারেই নতুন দূতাবাস উদ্বোধন করেন খতিব। তবে এ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তীব্র হতাশাও ব্যক্ত করেন তিনি। সিরিয়ায় দুবছরের আসাদ বিরোধী আন্দোলনে আরো বেশি সহায়তা করতে বিশ্বসম্প্রদায় ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন খতিব। দূতাবাসে সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়ায় বিপ্লবের জয় হোক এমন ইচ্ছা নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের। খতিব এ সপ্তাহে সিরিয়ার বিরোধী জোট প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেও দলের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।