নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৭

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:০৭
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠির মধ্যকার সামপ্রদায়িক দাঙ্গায় অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়েছে। গত বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে। -খবর ডন অনলাইনের। দেশটির খ্রিষ্টান প্রধান দক্ষিণাঞ্চল এবং মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল দ্বন্দ্ব-সংঘাতপ্রবণ এলাকা। প্রত্যক্ষদর্শী জানায়, রাতে প্লাটু প্রদেশের ডা জাক গ্রামে দু’পক্ষ হামলা চালায়। গুলি ও হত্যাযজ্ঞ চালায় এবং বেশকিছু ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনায় অনেকে গৃহহীন হয়েছে। তাছাড়া সে ঘটনাস্থলে ফিরে এসে ২৭টি লাশ দেখতে পায়। এদিকে অপর একজন টেলিফোনে জানিয়েছে, সে ঘটনার সময় পালিয়ে যায় তবে গ্রামে ফিরে ২৮টি লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় সেনাবাহিনী কোন মন্তব্য না করলেও প্লাটু প্রদেশের আইনজীবী ডেনিয়েল ডেম মৃতের সংখ্যা অসংখ্য বলে জানিয়েছেন। নাইজেরিয়া আফ্রিকার সর্বোচ্চ তেল উত্পাদনকারী দেশ। খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা প্রায় সমান এবং ২০০’রও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে দেশটিতে।