সাইবার হামলায় ইন্টারনেট শ্লথ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:০৮
ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলায় বিশ্বব্যাপী ইন্টারনেট ধীরগতির হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি স্পাম ফাইটিং গ্রুপ এবং একটি হোস্টিং ফার্মের মধ্যকার বিরোধের জেরে মূলত এ হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। নেটফিক্সের মতো জনসাধারণের জন্য ইন্টারনেট সেবায় এর প্রভাব পড়ছে এবং ব্যাংকিংসহ ই-মেইল সিস্টেমও এতে ব্যাহত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের পাঁচটি জাতীয় সাইবার পুলিশ বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে। লন্ডন এবং জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান স্পামহাউস ইমেইল থেকে ম্পাম ও অপ্রয়োজনীয় কনটেন্ট পরিশোধন করে থাকে। আর একাজে তাদের রয়েছে বিভিন্ন ব্লকলিস্ট। সম্প্রতি স্পামহাউস একটি ডাচ ওয়েব হোস্টিং ফার্ম সাইবারবাঙ্কারের সার্ভার ব্লক করলে স্পামহাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন সাইবারবাঙ্কারের মুখপাত্র সেভান ওলাফ কাম্পুইস। ফলে সাইবারবাঙ্কারই পূর্ব ইউরোপ এবং রাশিয়ার ‘অপরাধী চক্র’কে সঙ্গে নিয়ে বড় ধরনের এ সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্পামহাউস। এ ব্যাপারে সাইবারবাঙ্কারের তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্পামহাউসের প্রধান নির্বাহী স্টিভ লিনফোর্ড বিবিসি কে বলেন, ‘যে মাত্রার হামলা হয়েছে তা নজিরবিহীন। এক সপ্তাহেরও বেশি সময় আমরা এ সাইবার হামলার মধ্যে ছিলাম’ বলেন তিনি।