এনায়েতপুরে অসহায় পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৮
মানুষের নিষ্ঠুরতা অনেক সময় প্রকৃতিকেও হার মানায়। সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের ৩টি ঘর ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে মা-মেয়ে। এছাড়া হামলার সময় নগদ ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এনায়েতপুর থানার খুকনী গ্রামের সুজাবের সাথে প্রতিবেশী আষানের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সুজাবের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী লাঠি-সোটা নিয়ে আষানের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির ৩টি ঘর সম্পূর্ণ ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। বাধা দিলে সুজাবের ভাতিজা মজিবরের স্ত্রী নাছিমা খাতুন ও তার মেয়ে সুখীকে মারধর করে ঘরে থাকা ৫ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। অতর্কিত এ হামলার ঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, যারা এই ন্যক্কারজনক হামলার সাথে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।