যশোরে পিকআপ চালক খুন

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৯
বুধবার রাত সোয়া ৯টার দিকে যশোর শহরের বারান্দীপাড়ায় মাসুদ ওরফে পেট মাসুদ (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও ছুিরকাঘাতে খুন করে। নিহত মাসুদ পূর্ব বারান্দিপাড়ার নজরুল ইসলাম শেখ গুল্লুর ছেলে। নিহতের বোন ফিরোজা খাতুন জানান, একই এলাকার ছাত্রদলকর্মী সুমন ও কালু রাত পৌনে ৯টার দিকে মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সরকারি কমার্শিয়াল কলেজ মাঠে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কোতয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, নিহত মাসুদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী। ছিনতাইসহ নানা অভিযোগে সে কয়েকবার আটক হয়।