বেগমগঞ্জে হরতালের নামে ৬৩০টি গাছ লুট

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:৩০
জামায়াত-শিবির ও বিএনপির টানা হরতাল চলাকালে মার্চের প্রথম দিকে বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায় রাস্তার পাশে বনবিভাগ কর্তৃক লাগানো বাগানসমূহের গাছ কেটে রাস্তায় অবরোধ সৃষ্টি করে এবং কোটি টাকা মূল্যের গাছের গুড়ি লুট করে নিয়ে যায়। জামায়াত-শিবির ও বিএনপির লাগাতার হরতালের সময় দলীয় ক্যাডাররা চৌমুহনী লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশত গাছ কেটে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। পরে গাছগুলো লুট করে নিয়ে যায়। এতে বেগমগঞ্জ বন বিভাগের প্রায় বিশ লক্ষ টাকা ক্ষতি হয়। অপরদিকে একই সময় একই দলীয় ক্যাডাররা সোনাইমুড়ি উপজেলার লালমাই লাকসাম মাইজদী সড়ক, জুনদপুর পোলেড় গোড়া থেকে জুনদপুর হাইস্কুল সড়ক, সোনাইমুড়ি আমকি বাজার থেকে কাচারী বাজার পর্যন্ত সড়ক, বজরা হাসপাতাল ব্রিজ থেকে সোনাইমুড়ি বাইপাস সড়ক, বিপুলাশার সীমান্ত হতে সোনাইমুড়ির দক্ষিণ সীমান্ত পর্যন্ত সড়কসহ মোট ১২টি সড়কে সাত হাজার ৬৩০টি গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পরে গাছগুলো লুট করে নিয়ে যায়। বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এএসএম শামসুদ্দিন আহম্মেদ জানান, এই কার্যকলাপের ফলে বেগমগঞ্জ থানায় ১৮০ থেকে ২০০ অজ্ঞাতনামা সন্ত্রাসী এবং সোনাইমুড়ি থানায় ১০০০ থেকে ১২০০ অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলা দায়ের করা হয়েছে।