কমলনগরের শিক্ষার্থীদের হাতে এখনো বই পৌঁছেনি

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:৩১
শিক্ষা বছরের তিন মাস পার হলেও লক্ষ্মীপুরের কমলনগরের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখনো পাঠ্য বই পায়নি। প্রকাশ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শত শত শিক্ষার্থী বই না পাওয়ায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে চরমভাবে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৮টি বিদ্যালয়ের অধিকাংশ বিদ্যালয়েই চাহিদা অনুযায়ী পাঠ্যবই সরবরাহ করা হয়নি। কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫৬ জন। এর মধ্যে পাঠ্যবই হাতে পেয়েছে ১৫০ জন শিক্ষার্থী। কাদিরপণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ৯৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বই পেয়েছে ৭৫ জন। এখনো ২৩ জন শিক্ষার্থী বই হাতে পায়নি। একই বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ভূগোল, বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বই তিন মাস পার হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এছাড়া তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যায়লসহ উপজেলার অধিকাংশ বিদ্যালয়েই পাঠ্যবই সংকটে রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, বছরের প্রথমদিকেই প্রাপ্ত বইগুলো যথাযথভাবে বিতরণ করা হয়েছে। চাহিদার তুলনায় বেশি ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ায় কিছু সমস্যায় পড়তে হয়েছে। আশা করছি খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে।