অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ম্যাণ্ডেলা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪২
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের সংক্রমণের কারণে বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন বলে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে। খবর রয়টার্সের দেশটির সরকার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা (৯৪) বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন এবং ভালো আছেন। বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি। চলতি মাসের প্রথম দিকে ম্যান্ডেলা হাসপাতালে কয়েক দিনের জন্য ভর্তি ছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে ফুসফুসের সংক্রমণের কারণে তিনি তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার পিত্তথলি থেকে পাথর অপসারণ করা হয়। ১৯৯০ সালে বর্ণবাদ বিরোধী এই নেতার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটাই সর্বোচ্চ সময় হাসপাতালে অবস্থান। গত কয়েক বছর ধরে ম্যান্ডেলা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে ২৭ বছর কারাগারে থাকার পর ১৯৯০ সালে মুক্তি পান এবং ১৯৯৪ সালে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন।