অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উপায় খুঁজে বের করতে হবে

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৩
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, এখন প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আলোচনায় বসতে হবে। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উপায় খুঁজে বের করতে এই আলোচনা দরকার। এখন বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে তা সবারই জানা। গতকাল বৃহস্পতিবার সকালে আমেরিকান সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মজীনা আরো বলেন, বাংলাদেশ অবশ্যই গণতান্ত্রিক- এটা জানি। যখন বাংলাদেশ অগণতান্ত্রিক হবে তা সুখের দিন হবে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছে। ইউএসএআইডির উপ প্রশাসক ডোনাল্ড স্টেইন বার্গের সফর উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।