১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীদের হরতাল বিরোধী মিছিল, সমাবেশ ও মানববন্ধনে দিনভর রাজপথ সরব ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই হরতাল বিরোধী মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ।
আওয়ামী সমর্থক গোষ্ঠীর ব্যানারে ২২টি সংগঠন বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী মনববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা দলীয় কার্যালয়ের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। হরতালের বিরোধিতা করে মিছিল করেছে শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ নানা সংগঠন। বেলা ১১টার দিকে বিশাল মোটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন কামাল আহমেদ মজুমদার এমপি। বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই লজ্জা থাকলে ভবিষ্যতে খালেদা জিয়া আর হরতাল ডাকবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়ার বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। তিনি বলেন, সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আজ (গতকাল) আপিল হয়েছে। ৬০ দিন পর যাবেন কোথায়। এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
