রাঙ্গামাটিতে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৪
বাঘাইছড়ি উপজেলার আমতলীতে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে কে বা কারা মন্দিরে আগুন দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাঘাইছড়ির আমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়াসহ ২ জনকে আটক করা হয়েছে। রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ জানায়, কে বা কারা গতকাল ভোরে আমতলী বাজারের শেষ প্রান্তে অবস্থিত ওই মন্দিরে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো মন্দিরটি পুড়ে যায়। মূর্তিসহ মন্দিরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পাবলাখালী পুলিশ ফাঁড়ির পুলিশসহ এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ ঘটনার তদন্ত করছে। মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারী ফনিভূষণ সৌম বলেন, আমাকে সকালে একজন মহিলা ফোন করে জানান মন্দির পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাস্টার বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বুধবার শেষ রাতে মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।