সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৪
সিলেটের কানাইঘাটে নূর মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মাদকসেবীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। গত বুধবার রাতে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সীমারবাজারে এ ঘটনা ঘটে। নিহত নূর মিয়া ওই ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সীমার বাজারের পাশে নূর মিয়াসহ কয়েকজন মদ পান করছিলেন। মদ পানের এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে কয়েকজন মাদকসেবী মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কানাইঘাট থানার ওসি জানান, ধারণা করা হচ্ছে মাদক সেবনকে কেন্দ করে নূর মিয়া খুন হয়েছে । তার শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।