বিপিসি বিটুমিনের দাম কমানোর সিদ্ধান্ত

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪৫
অবশেষে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিটুমিনের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিপিসি’র বিটুমিনের প্রতি ড্রাম ১০ হাজার ৫০০ টাকা মূল্য নির্ধারণ করে গতকাল বৃহস্পতিবার একটি প্রস্তাব অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছে। বিশ্ববাজারে বিটুমিনের মূল্য বিপিসি’র মূল্যের তুলনায় কম হওয়ায় ড্রামপ্রতি ৫০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিপিসি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। এছাড়াও বর্তমানে প্রায় ১৮ হাজার মেট্রিক টন বিটুমিন অবিক্রীত অবস্থায় পড়ে আছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরান থেকে আমদানি করা বিটুমিন বাজারে ৯ হাজার টাকায় বিক্রি হওয়ায় এবং বিপিসি’র বিটুমিন সময়মতো ছাড় না পাওয়ায় ঠিকাদারগণ বিদেশি বিটুমিনের প্রতি ঝুঁকে পড়েছেন। ফলে গত কয়েক মাস ধরে বিপিসি’র বিটুমিন বিক্রি অনেক কমে গেছে। তবে বিপিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাসূত্রে জানা যায়, মানের দিক থেকে আমদানি করা বিটুমিনের তুলনায় বিপিসি’র বিটুমিনের মান অনেক ভাল। সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, আমদানি করা ৩ ড্রাম বিটুমিনের সমতুল্য হচ্ছে বিপিসি’র ১ ড্রাম বিটুমিন। তাছাড়া বিপিসি’র বিটুমিন সময়মতো উত্তোলন ও হয়রানির বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়। ঠিকাদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একজন সহকারী প্রকৌশলীকে চট্টগ্রামে বিপিসি’র বিপণন বিভাগে এসে ঠিকাদারকে বিটুমিন নেয়ার জন্য দেয়া কার্যাদেশের ব্যাপারে নিশ্চিত করতে হয়। এতে করে দেশের বিভিন্ন এলাকা থেকে ঠিকাদার কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের একজন সহকারী প্রকৌশলীকে চট্টগ্রামে নিয়ে আসা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। বিপিসি’র বিপণন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বর থেকে বিপিসি কর্তৃক বিটুমিন বিক্রির দায়িত্ব পাওয়ার পর এই নতুন নিয়ম চালু করা হয়েছে। বিপিসি বিটুমিন বিক্রির দায়িত্ব পাওয়ার পর কড়াকড়ি নিয়ম করায় ভুয়া কার্যাদেশ দেখিয়ে বিটুমিন ছাড়করণ বন্ধ হয়ে যায়। তাছাড়া বিপিসি’র বিটুমিনের মূল্য ড্রামপ্রতি দেড় হাজার টাকা বেশি হওয়ায় বিপিসি’র বিটুমিনের প্রতি আগ্রহ কমে গেছে। তবে জানা যায়, অনেকে ছাড়পত্র পেয়েও বিপিসি’র বিটুমিন ছাড় করেনি। বিপিসি’র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বাই প্রোডাক্ট হিসাবে সড়কের কাজে ব্যবহার করা বিটুমিন উত্পাদন করে থাকে। প্রতিদিন গড়ে ২০০ মেট্রিক টন হিসাবে মাসে ৬ হাজার মেট্রিক টন বিটুমিন উত্পাদন করে থাকে।