পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন প্রণয়নের দাবি

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৬
‘জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে উপযুক্ত আইন প্রণয়নে’র দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের বগুড়া জেলা শাখা। বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০১৩ পালন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় মানববন্ধন ও সমাবেশের শুরুতেই মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রদীপ রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুনিল রবিদাস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি নির্মল হরিজন, বগুড়া হরিজন শ্রমিক ইউনিয়নের সভাপতি দিপকরাম হরিজন। সমাবেশ সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বগুড়ার জেলা সভাপতি রেজাউল করিম তানসেন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বগুড়া জেলা শাখার সদস্য সচিব অ্যাড. নাসিদ নিগার খন্দকার কেকা, গণঐক্য কমিটির কেন্দ্রীয় সদস্য মাহফুজুল হক দুলু, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা জাতীয় আদিবাসী পরিষদের নেতা বিমল রবিদাস, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু, জেলা জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু, জেলা জেএসডি ছাত্রলীগের সভাপতি সবুজ সওদাগর, আদিবাসী ছাত্রপরিষদ নেতা অমল উঁরাও প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। সভায় বক্তারা দেশের প্রায় ৬৫ লাখ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান সকল বৈষম্য ও অস্পৃশ্যতা চর্চা বন্ধ করা এবং একে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশের দলিত জনগোষ্ঠীর উন্নয়নে জাতীয় বাজেটে উপযুক্ত বরাদ্দ দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।