যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁটের প্রভাব ভোক্তাদের ওপর
যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁট করার পর এর প্রভাব পড়েছে দেশটির সাধারণ ভোক্তাদের উপর। চলতি মার্চে পরিচালিত এক জরিপে উঠে এসেছে বাজারের ওপর ভোক্তাদের আস্থার ব্যাপক পতন ঘটেছে। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি কনফারেন্স ইনডেক্স প্রাথমিকভাবে ভোক্তার মনোভাবে ব্যাপক পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের বাজেট কমানোকে দায়ী করেছে। সরকারের এই সিদ্ধান্ত মার্চ মাসের শুরুতে কার্যকর হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ও দেখতে পেয়েছে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি কেনার হার কমেছে। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার আগেই বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিল, সাধারণ ভোক্তাদের ওপর এর প্রভাব পড়তে পারে।
উন্নয়ন ব্যাংক গঠন করবে ব্রিকস
ব্রিকসভুক্ত দেশগুলোর নেতারা একটি নতুন উন্নয়ন ব্যাংক গঠনে দক্ষিণ আফ্রিকার ডারবানে সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাংক উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো ও উন্নয়ন প্রজেক্ট গঠনে তহবিল যোগান দেবে। কোথায় এই ব্যাংকটি গঠিত হবে এবং এর মূলধন কত হবে এ নিয়ে সদস্য রাষ্ট্রের প্রধানেরা আলোচনা করছেন। এটিই ব্রিকসের প্রথম আনুষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান। কোনো কোনো ্বিশ্লেষক এরই মধ্যে বলে ফেলেছেন এটি বিশ্ব ব্যাংকের একটি কার্যকরী প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসভুক্ত পাঁচটি দেশের অর্থনৈতিক সাফল্যের বিশেষ দিকগুলো্ তুলে ধরেন। তিনি বলেন, এই পাঁচটি দেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১২ সালে হয়েছে ৪ শতাংশ। যেখানে বৃহত্তম অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৭ শতাংশ। ব্যাংকটির মূলধন হতে পারে ৫০ বিলিয়ন ডলার। প্রসঙ্গত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস গঠিত।
হংকংয়ে গৃহপরিচারিকারা স্থায়ী
নাগরিকত্ব পাবে না
হংকংয়ের অভিবাসী গৃহপরিচারিকারা স্থায়ী নাগরিকত্ব পাবে না বলে রায় দিয়েছে দেশটির আদালত। দুই বছরের আইনি লড়াই শেষে গত সোমবার এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। রায়ের ফলে গৃহপরিচারিকারা একটি চাকরি হারানোর পর আরেকটি চাকরি খুঁজে বের করতে মাত্র দুই সপ্তাহ সময় পাবেন। তা না হলে দেশে ফিরতে হবে তাদের। সতেরো বছর ধরে হংকং এ কাজ করা এক ফিলিপাইনের নাগরিকের নাগরিকত্বের আবেদনের জবাবে এই বিষয়ে শুনানি শুরু হয়। আদালতের এই রায় অসাংবিধানিক বলে অভিযোগ অভিবাসী গৃহপরিচারিকাদের। ২০১১ সালে এক রুল জারি করে অন্যান্য বিদেশি কর্মীদের সঙ্গে গৃহপরিচারিকাদেরও নাগরিকত্বের আবেদনের সুযোগ দেয় হাইকোর্ট। পরে ২০১২ সালে এই রুলের বিপক্ষে আবেদন করে জয় পায় সরকার। দুই বছরের আইনি লড়াই শেষে সোমবার এই সিদ্ধান্ত আসলো।
যুক্তরাষ্ট্র জাপান জার্মানির শক্তিশালী
প্রবৃদ্ধি হবে এ বছর
বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর অর্থনীতি এ বছর আরো শক্তিশালী হবে। তবে ইউরোপের অর্থনৈতিক অবস্থা পুনরুজ্জীবিত হওয়ার গতি মন্থরই থাকবে। অর্গানেইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এই ভবিষ্যদ্বাণী করেছে। সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির শক্তিশালী প্রবৃদ্ধি হবে। তবে ইউরোজোনের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করার ব্যাপারে উদ্বেগ রয়েই যাচ্ছে। আর অর্থনীতির গতি শক্তিশালী করতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকেই বড় ভূমিকা রাখতে হবে।
বারলুসকোনিকে নিয়ে ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন নির্মাণ করায় ফোর্ডের দুঃখ প্রকাশ
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে ব্যাঙ্গ করে বিজ্ঞাপন বানিয়ে বিপাকে পড়েছে ভারতের একটি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান। ফোর্ড মোটরসের একটি গাড়ির বিজ্ঞাপনে বারলুসকোনিকে ব্যাঙ্গ করায় খোদ ফোড কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন। এতেও কূল রক্ষা হয়নি। চাকরি খোয়াতে হয়েছে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মীকে, যিনি এই বিজ্ঞাপনটি বানিয়েছেন। ওই বিজ্ঞাপনে দেখা গেছে, বারলুসকোনি একটি গাড়ির চালকের আসনে বসে আছেন আর গাড়ির পেছনে হাত-পা বাঁধা অর্ধনগ্ন তিন তরুণী। ওই তরুণীদের মুখে আবার কাপড় গুজে রাখা হয়েছে। নিচে একটা স্লোগান লেখা, তোমার ভয় আর শংকা ফিগো এক্সটার বিশাল বুটে রেখে দাও। এরপর নিশ্চিন্তে গাড়ি চালাও। বিজ্ঞাপনটি বাণিজ্যিক ভিত্তিতে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। ফোর্ডের ভাড়া করা ভারতীয় বিজ্ঞাপনি সংস্থা এই বিজ্ঞাপন বানিয়ে ইন্টারনেটে প্রচার করে। এরপর ফোর্ড বলে, আমরা এর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং আমাদের অংশীদার ওই বিজ্ঞাপনি সংস্থাও বলেছে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
